দারিদ্র্য কমেছে, আয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দারিদ্র্যের হার কমছে। মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী এখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় নির্ধারণ জরিপে এই ফলাফল এসেছে। জরিপ অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত দেশে দারিদ্র্যের হার ৩১ থেকে ৩২ শতাংশে নেমে আসতে পারে।চলতি মাসেই এই জরিপের ফলাফল চূড়ান্ত করা হবে বলে বিবিএস সূত্রে জানা গেছে। এর আগে বিশেষজ্ঞ কমিটিতে প্রাথমিক ফলাফল উপস্থাপন করা হবে।উল্লেখ্য, ২০০৫ সালের খানা আয় ও ব্যয় নির্ধারণ জরিপ (এইচআইইএস) অনুযায়ী, দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাস করত ৪০ শতাংশ জনগোষ্ঠী; অর্থাৎ গত পাঁচ বছরে দারিদ্র্য কমেছে ৮ থেকে ৯ শতাংশ। প্রতিবছর দারিদ্র্য কমেছে ১ দশমিক ৬ থেকে ১ দশমিক ৮ শতাংশ হারে।২০১০ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৬১২টি প্রাথমিক নমুনা ইউনিট (পিএসইউ) থেকে মানুষের জীবনযাত্রার মৌলিক চাহিদার ওপর ভিত্তি করে জরিপ চালানো হয়। মৌলিক চাহিদার ব্যয় বা কস্ট অব বেসিক নিডস (সিবিএন) পদ্ধতি অনুসরণ করে মানুষের ১১ ধরনের খাদ্য গ্রহণের ওপর নির্ধারণ করে এই জরিপ চলে। ইতিমধ্যে পরিসংখ্যান ব্যুরোতে জরিপের সব তথ্য-উপাত্ত এসেছে। এখন চলছে বিশ্লেষণ।তথ্য-উপাত্তের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী শহরাঞ্চলে প্রতিটি খানার মাসিক গড় আয় প্রায় ১৫ হাজার টাকা আর পল্লি অঞ্চলে এর পরিমাণ নয় হাজার টাকা। ২০০৫ সালের হিসাব অনুযায়ী শহরাঞ্চলে প্রতিটি খানার গড় আয় ছিল ১০ হাজার ৪৬৩ টাকা, যা পল্লি অঞ্চলে ছয় হাজার ৯৬ টাকা। চলতি জরিপ অনুযায়ী খানাভিত্তিক সবচেয়ে বেশি গড় আয় ঢাকা বিভাগে, যা ১১ হাজার টাকার বেশি। সবচেয়ে কম সাত হাজার টাকা আয় হয় রংপুর বিভাগের খানাগুলোতে।তবে খানাভিত্তিক খাদ্যপণ্য বাবদ আয়ের তুলনায় ব্যয় কিছুটা কমেছে। চলতি জরিপে জাতীয় পর্যায়ে আয়ের ৫৪ দশমিক ৮১ শতাংশ ব্যয় করা হচ্ছে খাদ্যপণ্য কিনতে আর ২০০৫ সালের জরিপে তা ৬০ শতাংশের বেশি ছিল। গ্রামের চেয়ে শহরাঞ্চলের মানুষকে খাদ্যপণ্য কিনতে বেশি ব্যয় করতে হচ্ছে। শহরের মানুষ আয়ের প্রায় ৫৮ দশমিক ৮১ শতাংশ খাবার কিনতে ব্যয় করে আর গ্রামের মানুষ ব্যয় করে আয়ের ৪৮ দশমিক ১৯ শতাংশ। প্রতিটি খানায় গড়ে ৪ দশমিক ৫০ জন সদস্য ধরা হয়েছে।২০০৯ সালে পরিসংখ্যান ব্যুরো খানাভিত্তিক আয় ও ব্যয় জরিপ প্রকল্প গ্রহণ করে। এ জন্য সারা দেশ থেকে ৬১২টি প্রাথমিক নমুনা ইউনিট (পিএসইউ) বাছাই করা হয়। প্রতিটি পিএসইউতে নেওয়া হয় ২০টি করে খানা। আড়াই শতাধিক খানা থেকে মানুষের পেশা, জীবনযাত্রা, শ্রেণীবিভেদ, সামাজিক অবস্থান প্রভৃতি বিশ্লেষণ করে বাছাই করা হয় এই ২০টি খানা।জরিপকর্মীরা টানা ১৫ দিন প্রতিটি খানার সদস্যদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন। তারা কী ধরনের খাবার গ্রহণ করে, কী ধরনের পোশাক পরে, তাদের সম্পদের পরিমাণ, পেশাসহ নানা বিষয় কর্মীদের পর্যবেক্ষণে আসে।খানা আয় ও ব্যয় জরিপ প্রকল্পের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, দ্রব্যমূল্য বাড়লেও আয় বৃদ্ধিজনিত কারণে গত পাঁচ বছরে দারিদ্র্য কমেছে। এ ছাড়া গ্রামাঞ্চলে কর্মসংস্থানও বেড়েছে।পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, গত পাঁচ বছরের জিডিপির প্রবৃদ্ধি অনুযায়ী, দারিদ্র্যের হার ২৭-২৮ শতাংশে নেমে আসার কথা। ২০০৭ ও ২০০৮ সালের বিশ্বমন্দা পরিস্থিতির কারণে তা হয়নি। কেননা, ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হলে কমপক্ষে দশমিক ৬ শতাংশ দারিদ্র্য হ্রাস পায়। সেই হিসাবে সর্বশেষ খানা জরিপ অনুযায়ী দারিদ্র্য ৩১-৩২ শতাংশ সঠিক বলেই তিনি মনে করেন।