দারিদ্র্য জয়ের নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র নারীদের দারিদ্র্য জয় করার গ্রাম পেটভাতা। তাঁদের এই কৃতিত্বে নেতৃত্বও দিয়েছেন এক নারী। তাঁর নাম সাবিনা— সাবিনা ইয়াসমিন। তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন, গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন। সে পথেই ওই গ্রামের অন্তত ৭০০ গৃহবধূ দাঁড়িয়েছেন নিজের পায়ে। সংসারে এনেছেন সুখ, স্বাচ্ছন্দ্য। গ্রামের নারীদের নিয়ে সমিতি গঠনের মধ্য দিয়ে সাবিনার আলো ছড়ানোর শুরু। এরপর টুপিতে নকশা করার কাজ। সব মিলে দারিদ্র্যের আঁধার কাটিয়ে আলোকিত এক গ্রাম হয়ে উঠেছে পেটভাতা।শুরুর গল্প: সাবিনার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার চানঘাট গ্রামে। বাবার অভাবের সংসার। তাই ষষ্ঠ শ্রেণীতে উঠেই বন্ধ হয়ে যায় লেখাপড়া। ১৯৯৮ সালের এপ্রিলে ১৪ বছর বয়সে তাঁর বিয়ে হয় পেটভাতা গ্রামের সুলতান হোসেনের সঙ্গে। স্বামীর বাড়িতেও অনাহারে-অর্ধাহারে থাকতে হতো। একদিন তিনি প্রতিজ্ঞা করেন, দারিদ্র্যের কাছে হার মানবেন না। এই প্রতিজ্ঞা থেকে তিনি ভাবতে থাকেন, কিছু একটা করা দরকার। সেই ভাবনা থেকেই মাথায় আসে সমবায় সমিতির কথা।সাবিনা শুরু করেন গ্রামের নারীদের বোঝানো। নারীদের এ কথা চিন্তা করতে উদ্বুদ্ধ করেন—তাঁরা সমাজের বোঝা নন; পরিকল্পনামতো এগোলে তাঁরাও স্বাবলম্বী হতে পারেন। শুধু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হলো।২০০২ সালে গ্রামের ১০০ জন দরিদ্র নারীকে নিয়ে গঠন করেন ‘ভোরের আলো মহিলা উন্নয়ন সমিতি’। প্রতি সপ্তাহে ১২ টাকা করে সমিতিতে জমা দিতে থাকেন। সেই টাকা জোগাড় করতেও কষ্ট হতো। দুই বছরে সমিতির সঞ্চয় আর তা বিনিয়োগ করে পাওয়া লাভে তহবিলে জমা হয় দেড় লাখ টাকা। সদস্যরা তা ভাগ করে নেন। ওই টাকা দিয়ে তাঁরা দুটি ছাগল আর ১০টি করে হাঁস-মুরগি কিনে তা পালন শুরু করেন।সমিতির প্রাথমিক এই সাফল্য আত্মবিশ্বাসী করে সাবিনাকে। ২০০৪ সালের জানুয়ারিতে নিজের বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে লক্ষ করেন, কাউনিয়ার শহীদবাগ গ্রামের নারীরা টুপিতে নকশা তোলার কাজ করছেন। কাজটি তাঁর মনে ধরে। বাবার বাড়িতে দিন দশেক থেকে শহীদবাগের আছমা বেগমের কাছে শিখে নেন সেই কাজ। বাড়িতে ফিরে সমিতির সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সবাই ওই কাজ শেখার আগ্রহ প্রকাশ করেন। সাবিনা আবার ছুটে যান শহীদবাগ গ্রামে। কথা বলেন ওই গ্রামের টুপিতে নকশা তোলার কাজের স্থানীয় এজেন্ট ফরিদ উদ্দিনের সঙ্গে। তাঁর কাছ থেকে সুঁই-সুতা ও কাপড় এনে নিজেই সমিতির সদস্যদের প্রশিক্ষণ দিয়ে কাজ শুরু করেন। সমিতির বাইরে থাকা গ্রামের গৃহবধূরাও সাবিনার কাছে ছুটে আসেন সেই কাজ শিখতে। সাবিনা তাঁদেরও প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে দেন। পাশাপাশি টুপি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন।এগিয়ে চলা: ২০০৫ সালে জানুয়ারি মাসে সাবিনার সঙ্গে পরিচয় হয় ফেনীর ছাগলনাইয়ার টুপির ব্যবসায়ী গোলাম মোস্তফার। তিনি সাবিনার বাড়িতে এসে সমিতির সদস্য ছাড়াও গ্রামের নারীদের সঙ্গে কথা বলেন। পরে সাবিনাকে স্থানীয় এজেন্ট মনোনীত করেন। এজেন্ট হওয়ার পর সাবিনার কাছে টুপি তৈরির কাপড় ও সুতা আসতে থাকে। প্রথমে ১৫০ জনের মতো নারী এই কাজ শুরু করলেও বর্তমানে তা ৭০০ জনে পৌঁছেছে। শুরুর দিকে একজন পুরো মাসে দুটি টুপিতে নকশা করতে পারতেন। তবে পারদর্শী হওয়ার পর একজন মাসে চার থেকে পাঁচটি টুপিতে কাজ করতে পারেন। সাবিনা টুপিপ্রতি ৪০ টাকা করে কমিশন পান।এই আয় দিয়ে তিনি আবাদি জমি ও টিনের বাড়ি করেছেন। হাঁস-মুরগি ও গাভি লালন-পালন করছেন। গাছপালায় ঘেরা বাড়িতে এক সন্তান নিয়ে সুখের সংসার তাঁর। সাবিনার স্বামী সুলতান হোসেন জানান, লোকজন যখন তাঁর স্ত্রীর প্রশংসা করেন, স্বামী হিসেবে তাঁর গর্ব হয়।কয়েকটি সুখী মুখ: পেটভাতা গ্রামের মেয়ে রহিমা খাতুন। বছর দশেক আগে বিয়ে হয় মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ গ্রামের আনছার আলীর সঙ্গে। দারিদ্র্যের কারণে সেখানে টিকতে না পেরে দিনমজুর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। সাবিনার পরামর্শেই ভোরের আলো সমিতির সদস্য হন। শুরু করেন টুপিতে নকশা তোলার কাজ। এখন তিনি হাঁস-মুরগি, গাভি ও ছাগল পালন করে মাসে আয় করছেন প্রায় পাঁচ হাজার টাকা।একই গ্রামের মেয়ে মৌসুমি খাতুনের বিয়ে হয় ১৩ বছর বয়সে। দিনমজুর স্বামীকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে দিন চলত। টুপিতে নকশা করার কাজ শিখে টিনের বাড়ি করেছেন, কিনেছেন ১৫ শতক জমিও। তাঁর স্বামী পীরগাছা বাজারে সবজির ব্যবসা করছেন। রিনা আক্তার, সাহিদা বেগম, জোবেদা বেগমসহ কয়েকজন গৃহবধূ জানান, ‘সাবিনা আপা আমাদের নতুন জীবন দিয়েছেন। সংসারে এখন আমরা সিদ্ধান্তও দিতে পারি।’ সেই গ্রামে একদিন: পীরগাছা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে অন্নদানগর ইউনিয়নের গ্রাম পেটভাতা। একদিন সকালে সেই গ্রামে গিয়ে সব নারীর হাত ব্যস্ত দেখা গেল। কেউ গরু নিয়ে মাঠে গেছেন; হাতে থাকা কাপড়ে চলছে নকশা করার কাজ। বাড়ির উঠানে বসে গল্প করছেন, চলছে হাতের কাজ। পাশের বাড়িতে যাচ্ছেন, থেমে নেই হাত। কারও হাতে সাদা, কারও হাতে রঙিন কাপড়ে সুঁইয়ের ফোঁড়ে ফোঁড়ে ফুটে উঠছে নকশার নান্দনিকতা। পরে এসব কাপড় বিশেষ কায়দায় সেলাই ও ভাঁজ করে বানানো হয় টুপি।টুপি তৈরিতে খরচ: টুপিতে নকশা তোলার কারিগর মঞ্জিলা খাতুন জানান, টুপি তৈরির জন্য প্রথমে সাদা কাপড় কেটে নেওয়া হয়। কাপড় কাটার কাজ করলে টুপিপ্রতি ১০ টাকা মজুরি পাওয়া যায়। এই কাজটি অবশ্য ফেনীতে করা হয়। হাসুর কাজের (টুপির আকার নির্দিষ্ট করার জন্য সাদা সুতা দিয়ে বিশেষ ধরনের সেলাই) জন্য দেওয়া হয় টুপিপ্রতি ২০ টাকা। এরপর তার ওপর নকশা করতে হয়। নকশার জন্য টুপিপ্রতি পারিশ্রমিক পাওয়া যায় ৪৫০ থেকে ৫৫০ টাকা।সাবিনা জানান, টুপির দুটি অংশ থাকে। নকশা তোলার পর তা ফেনীতে পাঠানো হয়। সাধারণত টুপির ওপর ও নিচের দুটি অংশে বিভিন্ন রঙের রেশমি সুতা দিয়ে মনোরম নকশা করা হয়। এই দুটি অংশের কাজ করেন নারীরা। পরে তাঁর কাছে জমা দেন। এগুলো তিনি পাঠান ফেনীর ব্যবসায়ী গোলাম মোস্তফার কাছে। সেখান থেকে এই টুপি যায় ওমানে। একেকটি টুপি তৈরিতে খরচ পড়ে ৮০০ থেকে ৮৫০ টাকা।একই সঙ্গে নিজের স্বপ্নের কথাও জানালেন সাবিনা। তাঁর পরিকল্পনা, ধীরে ধীরে আশপাশের গ্রাম হয়ে পুরো উপজেলার দরিদ্র নারীদের এই কাজে যুক্ত করবেন। পাশাপাশি এসব টুপি তিনিই সরাসরি মধ্যপ্রাচ্যে পাঠাবেন, যার সুবিধাভোগী হবেন কর্মী-নারীরা। টুপি ব্যবসায়ী গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, ‘সাবিনা পরিশ্রমী নারী। তাঁকে কোটি টাকা দিয়েও বিশ্বাস করা যায়। তাঁর মাধ্যমে নকশা করা টুপি আমি ওমানে রপ্তানি করছি।’ তিনি জানান, ওমানে একটি টুপি এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। তাঁরা যা বলেন: অন্নদানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, সাবিনার মতো আত্মনির্ভরশীল নারী সমাজে খুব প্রয়োজন। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান বলেন, ‘ওই গ্রামের নারীরা সাবিনার হাত ধরে বাঁচার পথ খুঁজে পেয়েছেন। অন্যরাও তাঁর কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন।’উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা আকতার বানু বলেন, ‘আমরা সাবিনাকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, সাবিনা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।