বারাক ওবামার প্রতিনিধি ও সাত বিদেশি সাংবাদিকের বাংলাদেশ সফর
দারিদ্র্য জয়ের শক্তি দেখলেন আর্থার কাজিন
‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন। এই মনের গভীরে, আমরা জেনেছি। আমরা করব জয় একদিন।’ বাগেরহাট জেলার রামপাল উপজেলা সদরের ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গলা খুলে এই সম্মিলিত জয়ের গান গাইছিল। শিশুদের পাশেই বেঞ্চে বসে তা শুনছিলেন জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিনিধি আর্থার কাজিন।শিশুদের গাওয়া গানের সুরে গলা মেলাতে থাকা কাজিনের মনও যে সক্রিয় হয়ে উঠেছে, তা বোঝা গেল তাঁর চোখে অশ্রুধারা দেখে। কাছে গিয়ে হঠাৎ অশ্রুর কারণ জানতে চাইলে হাসি আর কান্নামিশ্রিত কণ্ঠে তাঁর জবাব, ‘ওদের কণ্ঠে বিশ্ব মানবতার জয়ধ্বনি শুনতে পেয়ে আনন্দে চোখে পানি চলে এসেছে। আমেরিকা, আফ্রিকা বা এশিয়া যেখানেই গিয়েছি, দেখেছি, শিশুদের মনের শক্তি সবখানে একই রকম। পৃথিবীর ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে সব দেশের শিশুদের শক্তিকে একত্র করতে হবে।’গত ২৪ সেপ্টেম্বর পাঁচ দিনের সফরে রোম থেকে বাংলাদেশে এসেছিলেন আর্থার কাজিন। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নেওয়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচি দেখাই ছিল তাঁর এই সফরের উদ্দেশ্য। তাঁর সফরসঙ্গী ছিলেন আফ্রিকার জাম্বিয়া, মালাউই, রুয়ান্ডা, উগান্ডা, লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালা আর প্রতিবেশী দেশ ভারত থেকে আসা সাতজন সাংবাদিক।আর্থার কাজিনের নেতৃত্বে আসা দলটি ঘুরে বেড়িয়েছে আঞ্চলিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। খুলনা, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। জানার চেষ্টা করেছেন খাদ্যনিরাপত্তার পথে উপকূলবাসীর সফলতা ও প্রতিবন্ধকতার কথা। আলাপ করেছেন সুন্দরবন রক্ষা ও জীবিকার টানাপোড়েনে ভুগতে থাকা বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পার্শ্ববর্তী গ্রামবাসীর সঙ্গে।বারাক ওবামার এই প্রতিনিধির বাংলাদেশ সফরের শুরুটা ছিল রাজধানীর ভাষানটেক বস্তি দিয়ে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় একটি স্কুলে বিস্কুট বিতরণ কার্যক্রম দেখতে যান তিনি। স্কুলে ঢুকে শিশুদের উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমরা কি বারাক ওবামাকে চেন?’ উত্তরে শিশুরা সমস্বরে উত্তর দিল, ‘হ্যাঁ, উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’ শুনে অট্টহাসিতে ভেঙে পড়লেন আর্থার কাজিন। বললেন, ‘ওবামা তোমাদের শুভেচ্ছা জানিয়েছেন।’ঢাকার বাইরে আর্থার কাজিনের প্রথম সফরটি ছিল শিশুদের মধ্যে বিতরণ হওয়া বিস্কুটের কারখানাটিতে। যশোর জেলা সদরের রামনগর গ্রামে ওই কারখানার ভেতরে শ্রমিকদের পোশাক পরেই তিনি ঢুকলেন। বিস্কুট তৈরির প্রতিটি পর্যায় ঘুরে দেখে নিজে খেয়ে পরীক্ষা করে দেখলেন শিশুদের কী ধরনের বিস্কুট খাওয়ানো হয়।ডব্লিউএফপি-বাংলাদেশের দেশীয় পরিচালক জন অ্যালিফ প্রতিনিধিদলটির সামনে তাঁর সংস্থার কার্যক্রম তুলে ধরলেন। জানালেন, প্রতিদিন দেশের সাড়ে তিন লাখ শিশুকে এই পুষ্টিকর বিস্কুট দেওয়া হয়। বছরে ডব্লিউএফপি ১১ লাখ শিশুকে খাদ্যসহায়তা দেয়। বিস্কুট বিতরণ কার্যক্রম পরিচালনা করায় ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে শিশুদের স্কুলে আসার হার ৭৬ থেকে ৮৪ শতাংশে উন্নীত হয়েছে। বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়ার হার সাড়ে ৬ শতাংশ কমেছে ও ভর্তির হার বেড়েছে ১৭ শতাংশ।জাতিসংঘের কৃষি ও খাদ্যবিষয়ক উন্নয়ন সংস্থার (আইফাদ) আর্থিক সহায়তায় পরিচালিত একটি কৃষি উন্নয়ন কার্যক্রম দেখতে রাষ্ট্রদূত কাজিন যান গোপালগঞ্জ সদরের রঘুনাথপুরে। ঋণের টাকায় মুরগির খামার গড়ে সফলতা পাওয়া নারী মমতাজের খামারে যেতে গিয়েই লাগল বিপত্তি। প্রতিনিধিদলের সঙ্গে আসা জাম্বিয়ার নেইস পত্রিকার বিশালদেহী সাংবাদিক ক্রিস্টোফার কাকুনটা সবার আগে খামারে উঠতে গেলে খামারের সিঁড়ির একাংশ হড়বড় করে ভেঙে পড়ে। ২৮ সেপ্টেম্বর দলটি বলেশ্বর নদ দিয়ে স্পিডবোটে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলো। বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পার্শ্ববর্তী গ্রামবাসীর সঙ্গে আলাপ করলেন প্রতিনিধিদলের সদস্যরা। সুন্দরবন রক্ষায় ইউএসএইডের আর্থিক সহায়তায় নেওয়া সংরক্ষিত এলাকার সহ-ব্যবস্থাপনা কার্যক্রমের (আইপ্যাক) অংশ হিসেবে গ্রামবাসী সুন্দরবনের বৃক্ষ ও বন্য প্রাণীদের রক্ষায় কী ধরনের কাজ করছে, তিনি তা জানতে চান। বনের ভেতরে বিষ দিয়ে মাছ ধরা, হরিণ নিধন, গাছ কাটা রোধে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করতে স্থানীয়দের তৈরি নাটক দেখে মুগ্ধ হন তিনি। সুন্দরবনের ওপর নির্ভরশীল কয়েক লাখ মানুষের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা না করলে বনের সম্পদ রক্ষা করা কঠিন হবে বলে জানান বন বিভাগের সুন্দরবন অঞ্চলের বন সংরক্ষক আকবর হোসেন। বনের বাইরে বনজীবীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে যুক্তরাষ্ট্র সরকার ও জাতিসংঘের সহায়তা চান তিনি।প্রাইস প্রকল্পের মাধ্যমে ওয়ার্ল্ড ফিশের সহায়তায় পরিচালিত অর্গানিক শ্রিম্প এক্সপোর্টের (লি.) একটি চিংড়ি প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শনে যায় প্রতিনিধিদলটি। কারখানাটিকে জীবাণুমুক্ত রাখতে বিশেষ পোশাক পরে প্রবেশ করতে হয়। সবাই বিশেষ পোশাকে প্রবেশ করলেও আবারও জাম্বিয়ার বিশালদেহী সাংবাদিক কাকুনটাকে নিয়ে বিপদ বাধল। সবাই নির্দিষ্ট পোশাক পরে কারখানার ভেতরে প্রবেশ করলেও কাকুনটার গায়ে পোশাক সাঁটানোর পরই তা পেছন দিক দিয়ে ছিঁড়ে গেল। ছেঁড়া পোশাক পরে প্রক্রিয়াজাতকরণ কক্ষে প্রবেশ করার আগে বিশেষ রাবারের জুতা দেওয়া হলে তাও তাঁর পায়ে আঁটছিল না। শেষমেশ পায়ে পলিথিনের তৈরি বিশেষ জুতা পরেই তিনি প্রবেশ করলেন। আফ্রিকার দেশ মালাউইর এজনিস ডুমিসানি মিজেরি, উগান্ডার ফ্রান্সিস কাগোলো ও রুয়ান্ডার জিন পল নেটজিমানার আর গুয়াতেমালার সাংবাদিক লিওনাল আন্তনিও ডিয়াজ জিসিনা গোপালগঞ্জ সদরের এক গ্রামের দরিদ্র মানুষের সঙ্গে আলাপ শেষে জানালেন, তাঁদের দেশের দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের চেয়ে ভিন্ন নয়। ক্ষুধার্তের কোনো রাষ্ট্রীয় সীমানা নেই, থাকেও না।ভারতের দৈনিক টেলিগ্রাফ থেকে আসা সাংবাদিক মেঘদ্বীপ ভট্টাচার্যের সঙ্গে আলাপকালে উঠে এল এককভাবে চীন ও ভারতেই রয়েছে ৪০ শতাংশ অভুক্তের বসবাসের কথা। তিনি জানালেন, ভারতে বেশ কয়েকটি রাজ্যে দারিদ্র্যের হার প্রকট। বাংলাদেশেও দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষের সংখ্যা ৪০ শতাংশ শুনে আঁতকে উঠলেও খুব অবাক হলেন না মেঘদ্বীপ ভট্টাচার্য। পাঁচ দিনের সফর শেষে এবার আর্থার কাজিনের যাওয়ার পালা। বাংলাদেশ কেমন দেখলেন জানতে চাইলে বেশ উল্লসিত হয়েই তিনি বললেন, ‘বাংলাদেশের শক্তি অনেক। পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ দেখেছি, কিন্তু এত সুন্দর ও উন্নত যোগাযোগ অবকাঠামো কোথাও দেখিনি। এ দেশের মানুষ অনেক কর্মঠ। দারিদ্র্য পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা তাদের মধ্যে আছে। এই শক্তিকে কাজে লাগাতে পারলে এ দেশ থেকে দারিদ্র্য চিরতরে বিদায় নেবে।’