দারিদ্র্য দূরীকরণে ওআইসিতে তহবিল গঠনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাইজেরিয়ার রাজধানী আবুজায় সপ্তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল শনিবার সকালে দেশে ফিরেছেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা হজরত শাহ্জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। খবর বাসস ও ইউএনবির।দেশে ফেরার পথে দুই ঘণ্টা যাত্রাবিরতির জন্য প্রধানমন্ত্রী গত শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় রাত সোয়া নয়টায় রিয়াদের বাদশাহ্ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাজির ওবাইদ মাদানি। পরে তাঁরা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ওআইসিতে একটি অভিন্ন তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে মুসলিম উম্মাহ্র কল্যাণে ওআইসি দেশগুলোর জন্য শিগগিরই অভিন্ন তহবিল গঠনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, এই তহবিল ওআইসির সদস্য দেশগুলোর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহূত হতে পারে। তহবিল গঠনের প্রস্তাবটি তাঁর একটি প্রাথমিক ধারণা। ওআইসির সদস্য দেশগুলো এ ব্যাপারে ভেবে দেখতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আগের সৌদি আরব সফরের কথা উল্লেখ করে বলেন, সৌদি আরবে ১৫ লাখ প্রবাসী বাংলাদেশির আকামা সমস্যা সমাধানের জন্য তিনি সৌদি সরকারকে অনুরোধ করেছিলেন। এ নিয়ে স্বাক্ষরিত চুক্তির আংশিক বাস্তবায়ন করা হয়েছে। আকামা সমস্যাটি যত দ্রুত সম্ভব সমাধানের জন্য সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয়, বাণিজ্যের প্রসার এবং দুটি মুসলিম দেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।সৌদি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের শুভেচ্ছা পৌঁছে দেন। শেখ হাসিনাও তাঁর শুভেচ্ছা বার্তা বাদশাহকে দিতে বলেন এবং তাঁকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে ঢাকা ও রিয়াদের এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত হবে। বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।তেলসমৃদ্ধ নাইজেরিয়ার রাজধানী আবুজায় গত বৃহস্পতিবার আটটি উন্নয়নশীল মুসলিম দেশের দিনব্যাপী শীর্ষ সম্মেলন হয়। উন্নয়নশীল আটটি মুসলিম দেশ নিয়ে ১৯৯৭ সালে ডি-৮ গঠিত হয়। দেশগুলো হলো বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।