প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে দলমত-নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনই তাঁর সরকারের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। তিনি দারিদ্র্য বিমোচন কর্মসূচি আরও দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, স্থানীয় সরকার বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে সুবিধাভোগী জয়নাব বিবি ও মাহবুবুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, সরকার দারিদ্র্যকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে কৃষি ও গ্রামীণ এবং সরকারি-বেসরকারি উভয় খাতে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।শেখ হাসিনা বলেন, সরকার সামাজিক বেষ্টনীর আওতায় গত বছর ২০ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ৮২টি কর্মসূচি বাস্তবায়ন করেছে। চলতি বছর ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ৮৪টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর মাধ্যমে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধীসহ বিভিন্ন দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।শেখ হাসিনা এনজিও ফাউন্ডেশনে সরকারি অংশীদারিত্ব আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির লক্ষ্যে পিডিবিএফের অধীনে প্রায় ৮১ লাখ দরিদ্র মানুষের মধ্যে ১০ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে আমাদের আরেকটি সফল উদ্যোগ ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান, আর্থিক ও সম্পদ সহায়তা প্রদান করা হচ্ছে। ৪৮২টি উপজেলার ৬৪০টি গ্রামে এই প্রকল্পের কাজ চলছে। আমরা শিগগিরই দেশের সব গ্রামে এই প্রকল্প সম্প্রসারণ করব।শেখ হাসিনা বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা ন্যাশনাল সার্ভিস চালু করেছি। বিদেশে শ্রমিক পাঠানোর জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নতুন নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ হচ্ছে। শিল্পে বিনিয়োগ বাড়ছে। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও আয় বাড়ছে। কৃষি ও গ্রামীণ খাতে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ যথেষ্ট বেড়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, সরকারের আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচির সুফল জনগণ পেতে শুরু করেছে। ফলে অতিদরিদ্র জনগোষ্ঠীর সমতা, আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সমতা বাড়ছে এবং বৈষম্য হ্রাস পাচ্ছে। তিনি বলেন, দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনগোষ্ঠীর সংখ্যা ২০০৫ সালে ৪০ শতাংশ থেকে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ৮১৮ ডলারে উন্নীত হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই অগ্রগতি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনেও ইতিবাচক প্রভাব পড়েছে। শিক্ষার হার বেড়েছে। ঝরে পড়ার হার কমছে। নারী-পুরুষ বৈষম্য ও শিশুমৃত্যুর হার কমছে। এ জন্য জাতিসংঘ আমাদের এমডিজি অ্যাওয়ার্ড দিয়েছে।’ মাতৃমৃত্যুর হারও কমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় নিয়ে যাওয়ার ফলে রোগবালাই কমছে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষার লক্ষ্যে আমরা নিজস্ব অর্থায়নে ৬০টি প্রকল্প বাস্তবায়ন করছি।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, নিরক্ষরতামুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই।’ তিনি এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন। পরে প্রধানমন্ত্রী পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সুফলভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।