দারিদ্র্য কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ ২০১৫ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথে আছে। তবে দেশের কোনো কোনো এলাকায় দারিদ্র্যের প্রকোপ অত্যন্ত বেশি এবং সে ক্ষেত্রে বৈষম্যও রয়েছে। এই বৈষম্য দারিদ্র্য হ্রাসের অর্জন ম্লান করে দিচ্ছে।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক সরকারি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) আয়োজিত অনুষ্ঠানে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: অগ্রগতি প্রতিবেদন ২০০৯’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, ভিত্তি বছর অর্থাৎ ১৯৯০-৯১ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৬৫ দশমিক ৬ শতাংশ। দারিদ্র্যের হার ২০১৫ সালে ২৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বর্তমানে দারিদ্র্যের হার ৩৮ দশমিক ৭ শতাংশ। সরকার বলছে, দারিদ্র্য যে হারে কমছে, তাতে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচির মধ্যে সমন্বয়হীনতা, কাঠামোগত দুর্বলতা, শস্যের বহুমুখীকরণে সীমাবদ্ধতা, উচ্চ দারিদ্র্যের ছোট ছোট আঞ্চলিক প্রকোপ, দুর্বল পরিকল্পনা দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে বাধা। প্রতিবেদন অনুযায়ী, ক্ষুধাসম্পর্কিত লক্ষ্যমাত্রা অর্জন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। শিশু অপুষ্টিকে এর জন্য দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, কম ওজনবিশিষ্ট শিশুর জন্মহার এখনো অনেক বেশি, ৪৫ শতাংশ।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অপুষ্টি, বিশেষ করে শিশুর অপুষ্টি দেশের জন্য সত্যিকারের সমস্যা। তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি না রাখা, সুশাসনের অভাব এবং খাদ্যসংকট এমডিজি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী দাতাদের সহায়তা না পাওয়ায় এমডিজি অর্জনে বাধা তৈরি হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিট ভর্তি হারের লক্ষ্যমাত্রা অর্জনে দেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০১৫ সালে শতভাগ ভর্তি হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বর্তমানে এই হার ৯২ শতাংশ। এ ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এখনো শিক্ষাসেবা পৌঁছানো যায়নি। পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নের হার ও প্রাথমিক শিক্ষার মান বজায় রাখা, কিশোর-কিশোরী-বয়স্ক শিক্ষার আওতা ও মান বৃদ্ধি এ ক্ষেত্রে বাধা বলে প্রতিবেদনে বলা হয়েছে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, সংশ্লিষ্ট বিষয়ে এটি সরকারের চতুর্থ প্রতিবেদন। তিনি বলেন, লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বর্তমান ধারা, প্রধান প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের করণীয় বিষয়ে প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, দেশের সম্পদ ব্যবহার করে অনেক অর্জন সম্ভব হয়েছে। উন্নয়ন সহযোগীরা সঠিক সহায়তা দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য আটটি আর লক্ষ্যমাত্রা (টার্গেট) ৪৯টি। ১৪৮ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা আছে, ১৯টি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে আছে। ২০টি ক্ষেত্রে আরও গুরুত্ব দিয়ে কাজ করা দরকার। অনুষ্ঠানে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, বাকি লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্যবিষয়ক তিনটি লক্ষ্য (এমডিজি-৪, ৫ ও ৬) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তবে উদ্বেগজনক বিষয় হলো নবজাতকের মৃত্যুর হার হ্রাস পাচ্ছে ধীর গতিতে। এ ছাড়া দেশে অপুষ্টির বিস্তার দৃশ্যমান। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে জনবল-সংকট রয়েছে, এই খাতের সঠিক তথ্য পাওয়া যায় না এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবাদানকারীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।গতকালের অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা ও দাতা সংস্থার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনডিপির পক্ষ থেকে আর্থার আরকান বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। পিছিয়ে থাকা ক্ষেত্রগুলোতে আরও গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন তিনি।প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় আয়ে সহায়তার (ওডিএ) ভূমিকা ধীরে ধীরে কমছে এবং প্রতিশ্রুতির তুলনায় সাহায্য ছাড় ক্রমান্বয়ে কম পাওয়া যাচ্ছে। বর্তমান দশকে বছরে গড়ে বৈদেশিক অনুদান ও ঋণসহায়তা পাওয়া গেছে ১৫৪ কোটি মার্কিন ডলার, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।