দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে হবে
অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো যাবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—পাঠানো যাবে। আমি আরও বিশ্বাস করি, আমরা যদি একতাবদ্ধভাবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করা যায়।আমার এই বিশ্বাসের ভিত্তি কী?আমার এই বিশ্বাসের ভিত্তি সহজ কয়েকটি কথা। আমি মানুষের সীমাহীন শক্তিতে বিশ্বাস করি। ১০০ বছর আগে সে শক্তির যতটুকু উন্মোচন করা সম্ভব হতো, আজ এর কোটি গুণ বেশি উন্মোচন করা যায়। আগামী দিনে আরও বহু কোটি গুণ বেশি উন্মোচন করা যাবে। এই শক্তির যদি অধিকতর উন্মোচন করার ব্যবস্থা করতে পারি, তাহলে আর কোনো সমস্যাই সমস্যা থাকে না। মানুষের সৃজনশীলতার সামনে কোনো সমস্যাই টিকে থাকতে পারবে না। কিন্তু এই উন্মোচন হবে কীভাবে? কয়েকটি পদক্ষেপ নিতে হবে। প্রথমত, আমাদের প্রচলিত পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। স্বার্থপরতা-ভিত্তিক (অর্থাৎ ব্যক্তিগত মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যভিত্তিক) অর্থনৈতিক কাঠামোয় স্বার্থহীনতা-ভিত্তিক (অর্থাৎ সমস্যায় সমাধানমুখী সৃজনশীল) ব্যবসার জায়গা করে দিতে হবে। মানুষের স্বার্থহীনতাকে ব্যবসাজগতে প্রকাশ করার সুযোগ দিলেই সেটা প্রচণ্ড শক্তিতে প্রকাশিত হবে। সামাজিক ব্যবসার মাধ্যমে এটার আয়োজন করতে হবে। এর মাধ্যমে সমাধান করা যাবে না, এমন কোনো সমস্যা পাওয়া যাবে না।দ্বিতীয়ত, প্রযুক্তিতে যে বিশাল এবং অতি দ্রুত পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা এই অর্জনকে সম্ভব করে দেবে। পৃথিবী দ্রুত থেকে দ্রুততর পাল্টে যাচ্ছে। ২০৩০ সাল দূরে থাক, ২০২০ সালে বাংলাদেশ কোথায় পৌঁছাবে, সেটা বলার সাধ্য এই মুহূর্তে আমাদের নেই; যেমন ছিল না ১৯৯৭ সালে বলতে পারা যে ২০১০ সালে বাংলাদেশে টেলিফোনের কী হবে। সবার কাছে টেলিফোন থাকবে, কথায় কথায় মুঠোফোন বেজে উঠবে দেশের সর্বত্র—এটা কি স্বপ্নেও কল্পনা করতে পেরেছে কেউ? ২০২০ সালের বাংলাদেশ আজকের দিনের মানুষের কাছে অতি অচেনা বাংলাদেশ বলে মনে হচ্ছে। ২০৩০ সাল সময়ের মাপে মাত্র ২০ বছর দূরে। কিছু পরিবর্তনের মাপে এটা ১০০ বছর কি আরও দূরের বাংলাদেশ!তৃতীয়ত, আমি তরুণদের অসম্ভব দেশপ্রেম ও আত্মত্যাগের ক্ষমতায় বিশ্বাসী। তারা পৃথিবীকে পাল্টে ফেলতে চায় এবং পাল্টাবে। দেশ পাল্টানো তাদের কাছে কিছুই নয়। আজকের দিনকে তারা অতি শিগগির সুদূর অতীতের দিনে পরিণত করতে পারে। তাদের হাতে আলাদিনের প্রদীপ আছে। কিন্তু তারা এটা চেনার সুযোগ পাচ্ছে না। তাদের যে সারা পৃথিবী পাল্টে দেওয়ার ক্ষমতা আছে, এটা তারা জানে না। তারা শুধু নিজের ভাগ্য পাল্টানোর উপদেশ শুনে যাচ্ছে। সে কাজ নিয়েই তারা ব্যস্ত থাকছে। কেউ বলছে না, প্রদীপের ভিড়ে আলাদিনের চেরাগটা আছে—ওটা একবার হাতে তুলে নাও। এটা একবার তারা হাতে তুলে নিলে সব অসম্ভবকে তারা সম্ভব করে ফেলবে। তাদের জন্য শুধু তাত্ত্বিক জায়গাটা করে দিতে হবে।২০৩০ সালের স্বপ্ন বাস্তবায়নে একটাই বড় সমস্যা—আর সেটা হলো আমাদের অনৈক্য। আমরা সারাক্ষণ ঝগড়াবিবাদে মত্ত। সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে কোমর বেঁধে কাজে নামার সুযোগ পাচ্ছি না আমরা।ভবিষ্যৎ গড়ার কাজে পাগল হয়ে যদি সবাই একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমাদের ২০৩০ সালের স্বপ্ন বাস্তবায়ন না হয়ে যাবে কোথায়? দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর স্বপ্ন সবার মনের মধ্যে গাঁথা থাকলে সেই স্বপ্নের বাস্তবায়ন হবেই। স্বপ্ন না থাকলে তার বাস্তবায়ন হবে কোথা থেকে?২৬ ডিসেম্বর, ২০১০মুহাম্মদ ইউনূস: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী