আরটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক অলসপুর। লিখেছেন মুহাম্মদ মামুন-অর-রশিদ, পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করছেন মীম। কথা হলো তাঁর সঙ্গে।‘অলসপুর’ নাটকে গ্রামের সবাই খুব অলস। বাস্তবে আপনি নিজে কতটা অলস?আলসেমির আর সময় পাচ্ছি কোথায়! মাসের প্রায় ৩০ দিনই শুটিং করতে হচ্ছে। মাঝে মধ্যে খুব শখ হয়, একটু বেলা করে ঘুম থেকে উঠি, কোনো কাজ করব না, শুধু ঘুরে বেড়াব—তা আর হওয়ার উপায় নেই। সকালে ঘুম থেকে ওঠার পর সেই যে শুটিংয়ের জন্য ছোটা শুরু হয়, এর পর সারা দিন কাজ আর কাজ। এ ধারাবাহিকটি কেমন লাগছে?মজার নাটক। গল্পটা দারুণ। এক বছর হলো কাজ করছি। দর্শক তো ভালোই বলছে। সেদিন সন্ধ্যার পর মাকে সঙ্গে নিয়ে এক দোকানে গিয়েছিলাম। দোকানের লোকজন ধারাবাহিকটির প্রশংসা করলেন। তাঁরা নাকি দেখে আনন্দ পাচ্ছেন। আপনি তো এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।অনুষ্ঠানে আমি একটি নাচে অংশ নিয়েছি। দারুণ একটি অনুষ্ঠান উপভোগ করলাম। জাতীয় ক্রিকেট দলের সদস্য মাশরাফি, আশরাফুল আর নাসিরের খেলা তো অনেক দেখেছি। সেদিন অনুষ্ঠানের ফাঁকে তাঁদের সঙ্গে পরিচয় হলো। আড্ডা দিয়েছি। ভালোই লেগেছে।এবার আপনার নতুন চলচ্চিত্রে কাজের কথা বলুন।জোনাকীর আলো ছবিতে কাজ করছি। সেন্ট মার্টিনে কয়েক দিন শুটিং করে এলাম। সমুদ্রের পারে, অনেক বাতাস ছিল তখন। মনে হচ্ছিল, বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। এই ছবিতে আরও অভিনয় করছেন ইমন আর কল্যাণ। পরিচালক খালেদ মাহমুদ মিঠু।