দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নামে পঞ্চগড়ে সনদ-ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বেশ কয়েকবার পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়টি নিয়ে চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই বিজ্ঞাপন দিয়েছে।এর কারণ, বিশ্ববিদ্যালয়টির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উপাচার্য দাবিদার দুই প্রবীণ শিক্ষক ইন্তেকাল করেছেন। দুই পক্ষের বিরোধের সুযোগে দেশের বিভিন্ন এলাকার কিছু প্রতারক ও প্রভাবশালী ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নামে শাখা খুলে সনদ বিক্রি করছেন।এমন একটি অবৈধ শাখা খোলা হয়েছে পঞ্চগড়ে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে তেলীপাড়া এলাকায় ট্রাক টার্মিনাল-সংলগ্ন বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ‘পঞ্চগড় ক্যাম্পাস’ খোলা হয়েছে। সেখানে তিনটি বিষয়ে সম্মানসহ সাতটি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এসব বিষয়ে ইতিমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী বিপুল অর্থের বিনিময়ে ভর্তি হয়েছেন। আরও ২২টি বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। পেশাগত এবং উচ্চতর ডিগ্রির সনদ পেতে স্থানীয় অনেকেই ওই প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে পড়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে টিনের চালার দুটি আধাপাকা ঘরে গত ২ জানুয়ারি থেকে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। একই ভবনে চলছে একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম। সপ্তাহের এক দিন শুক্রবার পরীক্ষা ও পাঠদান চলে এই বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ বিষয়ে সম্মান এবং এলএলবি, বিএড, এমএড, ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স বিষয় খোলা হয়েছে। এগুলো ছাড়াও বিবিএ, এমবিএ (নিয়মিত), এলএলবিসহ ২২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিএড পাস করতে পারলে স্কেল পরিবর্তন হয়। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরিয়ান পদে শিক্ষক নেওয়া হবে। এমন সরকারি ঘোষণার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সনদ পেতে ওই অবৈধ প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন। সেখানে টিউশন ফি এক লাখ ৮০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সর্বনিম্ন ২৩ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।গত শুক্রবার ওই প্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সামনে বিশাল সাইনবোর্ড। এর পাশেই শোভা পাচ্ছে বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ডিয়ার ট্রেনিং ইনস্টিটিউট এবং শাপলা আদর্শ শিক্ষা নিকেতনের সাইনবোর্ড। ভেতরে টিনের চালার বিভিন্ন কক্ষে গাদাগাদি আর ঠাসাঠাসি করে বসা দেড় শতাধিক শিক্ষার্থী।কক্ষ পরিদর্শক আজিজার রহমান নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, এলাকার মানুষ বাড়িতে খেয়ে উচ্চতর ডিগ্রি হাসিলের সুযোগ পেয়েছেন। এটা নিয়ে প্রতিবেদন না লেখাই ভালো। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করতে দেখা যায়।পঞ্চগড় সদর থানার একজন উপপরিদর্শকের নেতৃত্বে দুজন পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একপর্যায়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন শাখা সমন্বয়কারীর কক্ষে এসে ঢোকেন। তিনি কেন এসেছেন এমন প্রশ্নের জবাব এড়িয়ে বলেন, ‘এদিক দিয়ে যাচ্ছিলাম। দেখার জন্য এলাম।’জেলায় বিতর্কিত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির পঞ্চগড় শাখার সাবেক সহকারী সমন্বয়কারী ও পাথরাজ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল হক এই শাখায় যোগ দিয়েছেন। তিনি এর আগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির অবৈধ শাখা খুলে অর্থবিত্তের মালিক হয়েছেন।পঞ্চগড় ক্যাম্পাসের সমন্বয়কারী দেলদার রহমান দাবি করছেন, বিজ্ঞপ্তিতে বর্ণিত ২২টি বিষয়েরই অনুমোদন রয়েছে। তবে আপাতত সব বিষয়ে ভর্তি করানো হচ্ছে না। তিনি বলেন, সপ্তাহের এক দিন শুক্রবারে এখানে ক্লাস ও পরীক্ষা হয়। বৈধভাবে ক্যাম্পাস চালুর কথা জানান তিনি। তিনি প্রশ্ন করেন, ‘অবৈধ হলে আমাকে গ্রেপ্তার করা হয় না কেন?’ এলাকার লোকজন যাতে সহজে সনদ পান—এই মহৎ উদ্দেশ্য নিয়ে এই শাখা চালুর কথা জানান তিনি।তবে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা দেখভালের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার বৈধতা নেই। তিনি বলেন, এমনিতেই সমস্যাকবলিত ওই বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হলে তার দায়দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় নেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তার ওপর অবৈধ শাখায় কেউ ভর্তি হলে তাঁদের অবস্থা তো আরও খারাপ হবে।জানা যায়, পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিক এ ব্যাপারে গত ২৩ মে শিক্ষাসচিবের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন। প্রতিবেদনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় শাখার কার্যক্রম টিনের চালার নিচে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল ছাড়া পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের জবাব এখনো পায়নি জেলা প্রশাসন।দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একাংশের রেজিস্ট্রার মো. দাজমুন পারভেজ মুঠোফোনে জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০০৭ সালের ৪ নভেম্বর প্রজ্ঞাপন জারির পর নতুন করে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস খোলার অনুমতি দেয়নি। তিনি বলেন, পঞ্চগড়ের ক্যাম্পাসটি অবৈধ ও ভুয়া। এখান থেকে পাওয়া সনদ কোনো কাজে লাগবে না। তিনি এই শাখায় ভর্তি হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।