দারুস সালামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সজল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার সকালে তিনি মারা যান।হাসপাতাল সূত্র জানায়, সজল দারুস সালাম থানাধীন বাঘবাড়ীর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নজরুল ইসলাম। সজল ওই এলাকায় বালুর ব্যবসা করতেন।নিহত সজলের পরিবারের দাবি, গত ঈদের আগের দিন এলাকার কয়েকজন যুবকের সঙ্গে সজলের কথা-কাটাকাটি হয়। ব্যাপারটি মীমাংসা করতে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ওই যুবকেরা তাঁকে দারুস সালাম এলাকার বালুর মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁর পিঠে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।তবে সজলের সঙ্গে কথা-কাটাকাটির কারণ এবং ওই যুবকদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) হেলেনা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।