দারোগার বিরুদ্ধে গাছ-বাঁশ আত্মসাতের অভিযোগ
খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রে সদ্য বদলি হওয়া দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে সরকারি গাছ এবং এলাকা থেকে বাঁশ আদায় করে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের বদলি হয়ে যাওয়া উপপরিদর্শক মিজানুর রহমান ও সহকারী উপপরিদর্শক তাহাজ উদ্দিন পুলিশ ক্যাম্প-সংলগ্ন ফুলতলা-শাহপুর সড়কের কয়েকটি মেহগনি ও শিরীষগাছ কেটে ওই গাছ দিয়ে আসবাবপত্র তৈরি করে বাড়ি নিয়ে গেছেন। এ ছাড়া ক্যাম্পের পাশে মসজিদ নির্মাণের কথা বলেও এলাকা থেকে বেশ কিছু বাঁশ আদায় করে তা বিক্রি করেছেন।এর আগে বেশ কিছু গাছ কাটার পর গত ৬ অক্টোবর সকালে ওই দুই পুলিশ কর্মকর্তার কথা মতো মোস্ত সরদারসহ কয়েক ব্যক্তি সরকারি রাস্তার আরও একটি মেহগনিগাছ কাটতে থাকেন। তা দেখে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম ও হুমায়ুন কবিরসহ স্থানীয় কয়েকজন তাঁদের কাছ থেকে গাছ কাটার দা, কোদাল ও কুঠার কেড়ে নিয়ে বাজার কমিটির সভাপতির কাছে জমা রাখেন। পরে ১১ অক্টোবর এলাকাবাসী লিখিতভাবে খুলনা জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করলে ৩ নভেম্বর সহকারী পুলিশ সুপার ঘটনাটি তদন্ত করেছেন।এ প্রসঙ্গে রঘুনাথপুর বাজার কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র দেওয়ান বলেন, দারোগা মিজানুর রহমান ও তাহাজ উদ্দিন ক্যাম্পের সামনের সরকারি রাস্তা থেকে কয়েকটি মেহগনি ও শিরীষগাছ কেটে আসবাবপত্র তৈরি করে বাড়ি নিয়ে গেছেন। বাজার কমিটির সভাপতি ওমর আলী মোল্যা বলেন, এ পর্যন্ত ছয় থেকে সাতটি সরকারি গাছ কেটে আত্মসাৎ করা ছাড়াও ক্যাম্পের মসজিদ নির্মাণ করার নামে এলাকা থেকে প্রায় ২০০ বাঁশ আদায় করেন দারোগা মিজানুর রহমান ও তাহাজ উদ্দিন। সেই বাঁশও বিক্রি করে দিয়েছেন তাঁরা। অভিযোগকারী এ এম মোসলেম উদ্দিন বলেন, পুলিশ রাস্তার পাশে যে গাছ কেটেছে, এখনো সেই গাছের গোড়া পড়ে রয়েছে। রঘুনাথপুর বাজারে স-মিলের মিস্ত্রি মহাবদি সরকার বলেন, ক্যাম্পের পুলিশ এসে কিছুদিন আগে মেহগনি ও পাহাড়ি শিরীষগাছ কেটে নিয়ে গেছে। আসবাবপত্র (ফার্নিচার) মিস্ত্রি আবুল কাশেম মোল্লা বলেন, ‘ক্যাম্পের আগের দারোগা আমার কাছে কাঠ দিয়ে সোফা সেট ও বক্স খাট বানিয়ে নিয়ে গেছেন।’ দেড়ুলী গ্রামের বাঁশ ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, ‘এসআই মিজান আমাকে সঙ্গে নিয়ে দেড়ুলী, রঘুনাথপুর, কোমরাইল, ছয়বাড়িয়া ও রুদাঘরা গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করেছেন এবং তা থেকে ৮০টি বাঁশ আমার কাছে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছেন।’এ প্রসঙ্গে উপপরিদর্শক মিজানুর রহমান মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় লোকদের উদ্যোগে ক্যাম্পে বসার বেঞ্চ তৈরির জন্য গাছ কাটা হয়েছিল। আর ফজলুকে আমি চিনি না।’ সহকারী উপপরিদর্শক তাহাজ উদ্দিন বলেন, ফজলুর কাছে বাঁশ বিক্রি করা হয়েছে সত্য। কিন্তু ওই টাকা শ্রমিকদের দেওয়া হয়েছিল।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ সুপারের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ নভেম্বর সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) আমাদের নোটিশের মাধ্যমে ডেকে তদন্ত করেছেন।’এ প্রসঙ্গে খুলনার সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) জাকির হোসেন বলেন, গাছই কাটা হয়নি। অভিযোগ প্রমাণের প্রশ্ন কোথায়?