জব্বার মৌলে রায়েরবাজারে একটি বাসায় দারোয়ানের কাজ করেন। এক বছর ধরে এই কাজটি করছেন। প্রতি মাসে বেতন পান তিন হাজার টাকা। জব্বার মৌলে প্রতিদিন খুব সকালে ছয়তলা বাসার সিঁড়ি ঝাড়ু দেন। পানির মেশিন ছাড়ার মতো কাজগুলো সূর্য ওঠার আগেই সেরে ফেলেন। এক ফাঁকে নিজের রান্নাটা সেরে ফেলেন।জব্বার মৌলে জানান, ভাড়াটেদের কিছু ফুটফরমায়েশ শুনতে হয় প্রতিদিনই। তাঁর মালিকের আরও তিনটি বাড়ি আছে। মালিক থাকেন ধানমন্ডির ১৯ নম্বর রোডে। সকাল ১০টায় মালিকের বাসায় যেতে হয়। সেখানে সিঁড়ি ধোয়া, ছাদের বাগানে পানি দেওয়া, বাগানের টবে মাটি আর গোবরের সার দিয়ে তা গাছ লাগানোর উপযোগী করার মতো নানা কাজ করতে হয়।জব্বার মৌলের বাড়ি সুন্দরবনের ছত্রীছেরা গ্রামে। তিনি জানান, সুন্দরবনে যাঁরা মধু সংগ্রহ করেন, তাঁদের মৌলে বলা হয়। তিনি সুন্দরবনে মধু সংগ্রহ করতেন। এই কাজ করেছেন ৪০ বছর। তাঁদের ছয়জনের একটি দল ছিল। জব্বার জানান, মার্চ মাসের দিকে সূর্যমুখী মৌমাছির ঝাঁক বাসা বাঁধার টানে হিমালয় থেকে সুন্দরবনে আসতে থাকে। তখন সুন্দরবনের গাছে গাছে ফুল ফুটতে শুরু করে। প্রথমে খলসি গাছে ফুল হয়। এর ফুল সাদা, তাই মধুও সাদা হয়। খলসির পর ফুল আসে সুন্দরী, কেওড়া, গরান আর বাইনগাছে।সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করেছেন জব্বার মৌলে। তিনি জানান, নামাজ পড়ে, রোজা রেখে পরিষ্কার পানিতে গোসল করে মধু সংগ্রহ করতে নৌকায় যান মৌলেরা। মানত করেন বনবিবির উদ্দেশে। মৌলেরা খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে জঙ্গলের মধ্যে ধোঁয়া সৃষ্টি করেন। তারপর গাছে উঠে মধু কেটে নিয়ে আসেন। সুন্দরবনে বাঘের ভয় আছে। জব্বার বলেন, ‘আমার বড় চাচাকে বাঘে ধরে নিয়ে যায় আমার সামনে থেকে। আমিও দুইবার বাঘের মুখে পড়েছি। ঘাড় ঘোরাতে পারি না বাঘের কামড়ের চোটে। এখনো পা টাইন্যা চলতে হয়। আমি অচল মানুষ, না খাইয়া মরতাছিলাম। আমার এলাকার এক লোক আমাকে এই দারোয়ানের চাকরি জোগাড় কইরা দিছে। এক বছর আগে ঢাকায় আসি। এর মধ্যে দুইবার বাড়ি গেছি।’জব্বার মৌলের দুই ছেলে। ছেলেরা মৌলের কাজ করে। জব্বার বলেন, ‘মাসে দেড়-দুই হাজার টাকা বাড়িতে পাঠাই। রাতে সিঁড়িরুমে ঘুমাই। সারা দিনই সিঁড়ি দিয়া লোকজন যায়। মনে হয়, আমার ওপর দিয়াই লোক যাইতাছে।’