দার্জিলিংয়ের জন্য জিটিএ গঠন অসাংবিধানিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সরকারের আইনজীবী সোমনাথ বসু বলেছেন, দার্জিলিংয়ের জন্য পৃথক স্বায়ত্তশাসিত সংস্থা গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ গঠন ভারতের সংবিধানসম্মত হয়নি। এটি অসাংবিধানিকভাবে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার জিটিএ গঠন ও এর নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এসব কথা বলেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী সোমনাথ বসু। কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপংকর দত্তের আদালতে ওই মামলার শুনানি হয়। শুনানি চলাকালে কেন্দ্রীয় সরকারের এই আইনজীবী বলেন, এর আগে ১৯৮৯ সালে জিএনএলএফ নেতা সুবাস ঘিসিং যখন আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিংয়ে আন্দোলন করছিলেন, তখনো সেই গোর্খা পার্বত্য পরিষদ গঠনে সম্মত হয়েছিলেন সুভাস ঘিসিং। তখন সংবিধান সংশোধন করে তা করা হয়েছিল। এবার তা করা হয়নি। তা ছাড়া এই জিটিএ গঠনের ব্যাপারে রাষ্ট্রপতিরও অনুমোদন পাওয়া যায়নি। এতে অসাংবিধানিকভাবে গঠন করা হয়েছে জিটিএ। তিনি বলেন, জিটিএ নিয়ে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হলো। এর আগে ২০১১ সালের মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর প্রতিশ্রুতি মতো দার্জিলিং সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হন। ওই বছরের জুলাই মাসে তিনি জিটিএ গঠনের দাবি জানান। দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে আন্দোলনরত গোর্খা জনমুক্তি মোর্চা এই দাবি মেনেও নেয়। এর মধ্যে জিটিএর একতরফা নির্বাচন শেষে জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং ক্ষমতায় আসেন। এই জিটিএ গঠন এবং জিটিএর নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়। কলকাতার হাইকোর্টে ওই মামলারই শুনানি চলছে।