দার্জিলিংয়ে সই হলো ত্রিপক্ষীয় গোর্খাল্যান্ড চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিং-সংকট সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে আজ সোমবার ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।আজ স্থানীয় সময় বিকেল তিনটা ৪০ মিনিটে চুক্তিটি সম্পাদন করেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম স্বরাষ্ট্রসচিব কেশব পাঠক।দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহর থেকে ১০ কিলোমিটার দূরে কার্শিয়াংয়ের সুকনার বনবাংলো পিনটেল ভিলেজে একটি বিশেষ মঞ্চে এই ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হলো।চুক্তিটির পর স্বায়ত্তশাসিত গোর্খাল্যান্ড আঞ্চলিক (টেরিটোরিয়াল) প্রশাসন গঠিত হবে। নতুন প্রশাসন বর্তমান দার্জিলিং-গোর্খা হিল কাউন্সিলের স্থলাভিষিক্ত হবে। চুক্তিমতে, কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনকে উন্নয়নকাজের জন্য তিন বছরে ৬০০ কোটি রুপি দেবে। চলতি অর্থবছর থেকেই দেওয়া তা শুরু হবে। অল ইন্ডিয়া রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে দার্জিলিং নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হবে।বিরোধী বামফ্রন্ট প্রস্তাবিত স্বায়ত্তশাসিত প্রশাসনের নামের মধ্যে ‘গোর্খাল্যান্ড’ শব্দটি অন্তর্ভুক্ত করার সমালোচনা করে। তাদের দাবি, এর জন্য পৃথক নতুন রাজ্য সৃষ্টির মূল্য দিতে হবে।এদিকে এ চুক্তির প্রতিবাদে কয়েকটি সংগঠন পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে আজ থেকে ৪৮ ঘণ্টার বনধ ডেকেছে।