দার্জিলিংয়ে সেতু ভেঙে ৩৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিংয়ের বিজনবাড়ির পুলবাজারে একটি কাঠের সেতু ভেঙে পড়লে ৩৪ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের বিজনবাড়ি ও দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যায় এই সেতুর কাছে একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি প্রমুখ। এ অনুষ্ঠান দেখার জন্য নিকটবর্তী রঙ্গিতখোলা নদীর ওপর থাকা কাঠের সেতুর ওপর বহু মানুষ জড়ো হয়। এ সময় হঠাত্ করে পাহাড়ি এলাকার ৭০ ফুট নিচে ভেঙে পড়ে সেতুটি। এতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিংয়ের জেলা প্রশাসক সৌমিত্র মোহন বলেন, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেতুতে দাঁড়িয়ে এলাকার বহু মানুষ অনুষ্ঠান দেখছিল। এ সময় সেতুটি ভেঙে পড়ে।’এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারের পক্ষে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে আহতদের যাবতীয় চিকিত্সার দায়িত্ব নেওয়ার কথা বলেন। আজ দুপুরে নিহতদের প্রতি সম্মান প্রদর্শন ও আহতদের দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং যাওয়ার কথা রয়েছে।