দালাই লামা যুক্তরাষ্ট্রের পোষা ‘নাৎসি’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শনিবার তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার তীব্র সমালোচনা করে তাঁকে যুক্তরাষ্ট্রের পোষা ‘নাৎসি’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে যে তিব্বতে চীনের শাসনের বিরুদ্ধে নিজেদের প্রাণ বিসর্জন দিতে অন্যদের উৎসাহিত করছেন তিনি। চায়না তিব্বত অনলাইন ও সিনহুয়ার খবরে বলা হয়েছে, দালাই লামা যেহেতু যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট, তাই তিনি তিব্বতীয়দের পক্ষে কথা বলেন কি না, সেটি নিয়ে সন্দেহ আছে। তাঁর আত্মীয়স্বজন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের হয়ে কাজ করেন বলেও এই দুটি সংবাদমাধ্যম দাবি করেছে। প্রকাশিত খবরে তিব্বতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের আত্মার শান্তি কামনা করে এই আধ্যাত্মিক নেতার প্রার্থনার তীব্র সমালোচনা করে বলা হয়, ‘তাঁর (দালাই লামা) এই আচরণ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৃশংস নাৎসি বাহিনীর কথা মনে করিয়ে দেয়।...হিটলারের ইহুদি হত্যাযজ্ঞের সঙ্গে তাঁর কর্মকাণ্ডের এত মিল! দালাই লামা জনগণকে এমনভাবে প্রলুব্ধ করছেন যে জীবন উৎসর্গ করলেই তিনি তাঁদের জন্য প্রার্থনা করবেন।’ তিব্বতে চীনের নীতির প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ৩০ জন আত্মাহুতি দিয়েছেন। দালাই লামার তিব্বতে ফেরার জোরালো দাবিও তাঁরা তুলেছেন।দালাই লামা সম্পর্কে চায়না তিব্বত অনলাইন ও সিনহুয়ার মন্তব্য, ‘দালাই লামা নিজেকে সামন্তপ্রভু মনে করেন। তিব্বত তাঁর নিজের সম্পত্তি আর এখানকার জনগণ তাঁর দাস।’ তিনি চীন ও তিব্বতের মধ্যে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতা ও সংঘর্ষের ‘বার্লিন প্রাচীর’ তৈরি করতে চান বলেও অভিযোগ তুলেছে গণমাধ্যম দুটি। টিএনএন।