দালাই লামাকে ভিসা না দিয়ে বিপাকে জুমা
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ভিসা দিতে অস্বীকার করে নৈতিক সংকটে পড়েছে দক্ষিণ আফ্রিকা। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সমর্থক ও সে দেশের সরকার সমর্থক পত্রিকাগুলো। মুখ খুলেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুও। তাঁরা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত হয়তো প্রতীকী। তার পরেও যে দল বর্ণবৈষম্যের অবসানে সাহায্য করেছে তারাই এখন মুক্তি আন্দোলনের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট জ্যাকব জুমার আমলে এএনসি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে বিশ্বব্যাপী দলের যে ভাবমূর্তি তৈরি হয়েছিল, তা এ আমলে খাটো করে দেখা হচ্ছে। বর্ণবৈষম্য অবসানের ১৭ বছর পরে দেশের বিরাট সংখ্যক দরিদ্র মানুষ উপেক্ষিত থেকেছে।দালাই লামাকে ভিসা না দেওয়ার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ টুটু। তিনি জুমার সরকারকে ‘বর্ণবাদী সরকারের চেয়ে জঘন্য’ বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষক নিক বোরেইন মনে করেন, এএনসির সমর্থকদের কাছে সরকারের সিদ্ধান্ত এতটা পীড়াদায়ক মনে হয়েছে; কারণ, এখনো তারা মনে করে, এএনসি উচ্চ নৈতিক মূল্যবোধ অব্যাহত আছে। দালাই লামার অফিস থেকে গত মঙ্গলবার জানান হয়েছে, সরকারি সিদ্ধান্তের পর তিনি তাঁর দক্ষিণ আফ্রিকা সফরের পরিকল্পনা বাতিল করেছেন। উল্লেখ্য, ডেসমন্ড টুটুর ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে দালাই লামা আফ্রিকা আসতে চেয়েছিলেন। কিন্তু জুমা সরকার তাঁর ভিসার আবেদন দীর্ঘদিন কোনো সিদ্ধান্ত ছাড়াই ফেলে রাখে। দালাই লামাকে ভিসা না দেওয়ার ব্যাপারে জুমা সরকারের ওপর চীনের চাপ ছিল। দালাই লামাকে এখনো চীন তিব্বতের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবেই দেখে। আবার চীন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। মাত্র কয়েক দিন দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্টের বেইজিং সফরে গিয়েছিলেন। ওই সময় চীন দক্ষিণ আফ্রিকায় ২৫০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। ফলে জুমা সরকার এমন একটা সময় চটাতে চায়নি চীনকে। কিন্তু এটা একেবারেই মানতে পারছেন না আর্চবিশপ ডেসমন্ড টুটু। এক সংবাদ সম্মেলনে আবেগদীপ্ত কণ্ঠে টুটু বলেন, ‘জুমা, আপনি ও আপনার সরকার আমার প্রতিনিধিত্ব করেন না। আপনি নিজের স্বার্থের প্রতিনিধিত্ব করেন। আপনার প্রতি ভালোবাসা উবে গেল বলে সতর্ক করে দিচ্ছি। একদিন আমরাই এই এএনসি সরকারের পতনের জন্য প্রার্থনা শুরু করব।’জুমার আমলে দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক অবস্থান ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা আরও বেড়েছে।জাতিসংঘে সিরিয়াকে শাস্তি দেওয়ার ব্যাপারে উত্থাপিত প্রস্তাবের ভোটাভুটির সময় ভোট দানে বিরত থাকে দক্ষিণ আফ্রিকা। অথচ সিরিয়া তাদের অনেক পুরোনো বন্ধু। ভোটাভুটির আগে তুরস্কের প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা ঘুরে গেছেন। তারপরই এ সিদ্ধান্ত। দালাই লামার ক্ষেত্রেও তাই।স্বাভাবিকভাবে সে দেশের অর্থনৈতিক দৈনিক বিজনেস ডের সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, ‘তাহলে কী প্রকৃতপক্ষে দক্ষিণ আফ্রিকার স্বার্থে বিশ্বের কাছে আমরা এ বার্তা পৌঁছে দেব যে সবচেয়ে বড় দরদাতা কাছে আমরা আমাদের নীতি বিক্রির করতে প্রস্তুত?’ রয়টার্স।