দালাই লামার অনুষ্ঠানে রিচার্ড গিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার এক প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিতে হলিউডের তারকা রিচার্ড গিয়ার এখন ভারতে। বিশ্বশান্তি কামনায় আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নিতে গত রোববার তিনি বিহারের বোধ গয়ায় আসেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে।বিশ্বশান্তি কামনায় কলাচক্র পূজা নামের ১০ দিনব্যাপী এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, দালাই লামার একজন সাধারণ ভক্তের মতো এ ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিনেই সেখানে অংশ নিয়েছেন গিয়ার। ওই কর্মকর্তা জানান, বোধ গয়ার এ অনুষ্ঠানের আধ্যাত্মিক পরিবেশ গিয়ারকে অভিভূত করেছে। রিচার্ড গিয়ার সেখানে প্রার্থনা ও গৌতমবুদ্ধ যেখানে বোধিপ্রাপ্ত হয়েছিলেন, তার সন্নিকটে ১৫০০ বছরের প্রাচীন বৌদ্ধধর্মাবলম্বীদের পবিত্রতম তীর্থস্থান মহাবোধি মন্দিরে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে তিনি কয়েক দিন ধর্মীয় আলোচনা শুনবেন।এদিকে কলাচক্র পূজা আয়োজক কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, দালাই লামার সঙ্গে রিচার্ড গিয়ার সাক্ষাত্ করেছেন। এ ছাড়া বৌদ্ধধর্মের বেশ কিছু পবিত্র স্থানও তিনি পরিদর্শন করেছেন।প্রিটি ওম্যান, অ্যান অফিসার অ্যান্ড এ জেন্টেলম্যান ও রানওয়ে ব্রাইড খ্যাত হলিউড তারকা গিয়ারকে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার বিশিষ্ট একজন অনুসারী বিবেচনা করা হয়।উল্লেখ্য, রিচার্ড গিয়ার ভারতের হিমাচল প্রদেশে তিব্বতের নির্বাসিত সরকারের সদর দপ্তর ধর্মশালা নিয়মিত পরিদর্শন করে থাকেন।