দালাই লামার ‘ষড়যন্ত্র’ ব্যর্থ
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার চীনকে বিভক্ত করার ‘ষড়যন্ত্র’ ব্যর্থ হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। আজ বুধবার আইএএনএস এ খবর প্রকাশ করে।চীনা কমিউনিস্ট পার্টির সদস্য লি চ্যাং পিংয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দালাই লামা ও তাঁর অনুসারীদের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম তিব্বত অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারবে না। আইনপ্রণেতাদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।লি অভিযোগ করে বলেন, লামা বিশ্বে চীনা সৈন্য-বিদ্বেষীদের অন্যতম ব্যক্তি। তিনি দালাই লামাকে স্বাধীন তিব্বত আন্দোলনের ইন্ধনদাতা বলে উল্লেখ করেন। তা ছাড়া তিনি সেখানকার বৌদ্ধধর্মাবলম্বীদের উত্তেজিত করা ও তাঁদের স্বাভাবিক উন্নয়ন ব্যাহত করার জন্য লামাকে দায়ী করেন। লি আরও বলেন, লামার সঙ্গে তাঁদের বিরোধ নীতিগত বা ধর্মীয় কোনো বিষয়ে নয়, বরং কঠিন রাজনৈতিক সংগ্রামের।দালাই লামা তাঁর অনুসারীদের নিয়ে তিব্বত ত্যাগ করে ভারতে আশ্রয় নিলে চীনা সেনাসদস্যরা ১৯৫৯ সালে লাসা দখল করে নেন। এক লাখ ৪০ হাজার তিব্বতি এখন নির্বাসনে আছেন। তাঁদের মধ্যে এক লাখেরও অধিক ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন।