পুনর্মুদ্রিত সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ ও রাষ্ট্রধর্ম ইসলামের বিধান আগের মতোই বহাল থাকল। একই সঙ্গে ফিরল ধর্মনিরপেক্ষতা। ধর্মীয় নামযুক্ত বা ধর্মভিত্তিক রাজনৈতিক সমিতি বা সংঘ করার অধিকার না থাকার বিধানও পুনর্বহাল হলো। জাতীয়তাবাদে ‘বাঙালি’ ও নাগরিকত্বের পরিচয় ‘বাংলাদেশি’ বহাল হলো।এ ছাড়া ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (দালাল আইন) পুনরুজ্জীবিত করা হয়েছে। এর অধীন কোনো অপরাধে কেউ দণ্ডিত হলে ভোটার তালিকায় তার নাম থাকবে না। সুপ্রিম কোর্টের রায়ে এ বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও পুনর্মুদ্রিত সংবিধানে এ-সংক্রান্ত দুটি বিধান পুনরুজ্জীবিত করা হয়েছে।এদিকে বেশ কয়েকটি ক্ষেত্রে আপিল বিভাগের রায় পাশ কাটিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট সংবিধান যেমন ছিল, পুনর্মুদ্রণের মাধ্যমে তেমনটি পুনরুজ্জীবিত করার চেষ্টা হয়েছে। তবে বাকশালের মতো বিধানগুলো আদালতের রায়ের আলোকে বিলোপ করা হয়েছে। ১১৬ অনুচ্ছেদে এমন পরিবর্তন আনা হয়েছে, যাতে বিচার বিভাগ পৃথক্করণ-সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো। কারণ, নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান তুলে দেওয়া হয়েছে। এর ফলে চতুর্থ সংশোধনী এখানে প্রাণ পেল। অথচ আপিল বিভাগ তাঁর রায়ে সংবিধান সংশোধনে নির্দিষ্টভাবে শুধু এই ক্ষেত্রেই জোরালো আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। বিচারপতি তাফাজ্জাল ইসলাম লিখেছিলেন, ‘সংবিধানে বিচার বিভাগের কী অবস্থা, তার উল্লেখ না করলে আমাদের সিদ্ধান্ত অসম্পূর্ণ থেকে যাবে। সেটি হলো বাহাত্তরের সংবিধানের মূল ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ অবিকল পুনরুজ্জীবিত করা দরকার। নইলে বিচার বিভাগের স্বাধীনতার পূর্ণ অর্জন সম্ভব নয়। আমাদের একান্ত আশা, সংসদ এ দুটি অনুচ্ছেদকে যত দ্রুত সম্ভব বাহাত্তরের সংবিধানে ফিরিয়ে আনবেন।’ কিন্তু বর্তমান সংসদ তা ফিরিয়ে আনেনি। এমনকি বিশেষ সংসদীয় কমিটি এ বিষয়ে কোনো ঘোষণাও এ পর্যন্ত দেয়নি। প্রসঙ্গত, ১১৬ অনুচ্ছেদ অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি-বদলি ও শৃঙ্খলা বিধান-সম্পর্কিত। কিন্তু এখন পুনর্মুদ্রিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান মুছে গেল। অপ্রয়োজনীয়: আপিল বিভাগ হাইকোর্টের রায়ের আরেকটি অংশকে নির্দিষ্টভাবে ‘অপ্রয়োজনীয়’ বলেন। এমনকি নির্দিষ্টভাবে বলেন, এ-সংক্রান্ত হাইকোর্টের সবটুকু আলোচনা ও সিদ্ধান্ত মুছে দেওয়া হলো। অথচ সেই অংশকেও নতুন সংবিধানে ফিরিয়ে আনা হয়েছে। সে কারণে ১৫০ অনুচ্ছেদভুক্ত চতুর্থ তফসিল থেকে ৩ক ও ১৮ প্যারা বিলুপ্ত করা হয়েছে। উল্লেখ্য, হাইকোর্টের দেওয়া ২৪২ পৃষ্ঠার রায়ের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল সংবিধানের ওই ১৫০ অনুচ্ছেদসংক্রান্ত আলোচনা। এ অনুচ্ছেদটির শিরোনাম হলো ‘ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী’। বাহাত্তরের সংবিধানেই এর মাধ্যমে সংবিধানে যোগ করা হয়েছিল চতুর্থ তফসিল। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের ধারাবাহিকতা, গণপরিষদের কার্যক্রম ইত্যাদিকে সুরক্ষা দিতেই এই তফসিল করা হয়েছিল। কিন্তু পরে সামরিক শাসকেরা তার অপব্যবহার করেন। পঁচাত্তরের ২০ আগস্ট থেকে ’৭৬ সালের ২৯ নভেম্বর পর্যন্ত যা কিছু ফরমান জারি ও কাজ করা হয়েছে, তাকে ঢালাও বৈধতা দেওয়া হয় এবং সে জন্য ওই তফসিলে ৩ক যুক্ত করা হয়। এখানেই বলা ছিল, সামরিক আইনে যা কিছুই করা হোক না কেন, কোনো আদালতে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, এর কোনো আইনগত ভিত্তি নেই। এ ধরনের বাক্য সংযোজন সংসদের এখতিয়ারবহির্ভূত। আপিল বিভাগ বলেছেন, ‘একাদশ ও দ্বাদশ সংশোধনীর মাধ্যমেও এই তফসিলে নতুন ধারা যুক্ত করা হয়েছে। সুতরাং হাইকোর্টের এ-সংক্রান্ত যাবতীয় পর্যবেক্ষণ অপ্রয়োজনীয়। সে কারণে তা হাইকোর্টের রায়ের অংশ নয় বলে ঘোষণা করা হলো।’ কিন্তু পুনর্মুদ্রিত সংবিধানে আপিল বিভাগের ওই রায় মানা হলো না।ধর্মীয় দল থাকবে না: সংবিধানে ১২ অনুচ্ছেদটি অনুপস্থিত ছিল। শুধু লেখা ছিল, বিলুপ্ত। মূল অনুচ্ছেদে লেখা ছিল, সব ধরনের সাম্প্রদায়িকতা, রাষ্ট্র দ্বারা কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, ধর্মের অপব্যবহার, ধর্ম পালনের কারণে ব্যক্তির প্রতি বৈষম্য বিলোপ করা হবে। এখন এটি ফিরে এল। একই সঙ্গে ফিরে এল ৩৮ অনুচ্ছেদে একটি গুরুত্বপূর্ণ শর্তাংশ। পঞ্চম সংশোধনীতে এটিরও বিলোপ হয়। এখন এটি ফিরে আসার ফলে ধর্মীয় নামযুক্ত বা ধর্মভিত্তিক কোনো সমিতি বা সংঘ গঠন করা বা তার সদস্য হওয়ার বা অন্য কোনো প্রকারে তার তৎপরতায় অংশ নেওয়ার অধিকার কোনো নাগরিকের থাকবে না। প্রস্তাবনা: মূল সংবিধানের প্রস্তাবনায় একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অংশগ্রহণকে ‘জাতীয় মুক্তি’ ও জাতীয় মুক্তিসংগ্রামের লক্ষ্যে পরিচালিত বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু পঞ্চম সংশোধনীতে জাতীয় মুক্তি ও জাতীয় মুক্তিসংগ্রাম মুছে ‘জাতীয় স্বাধীনতা’ শব্দ প্রতিস্থাপন করা হয়। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাই হলো বাংলাদেশ সংবিধানের চার মূলনীতি। পঞ্চম সংশোধনীতে আনা ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি’ কথাটি এখন বাদ পড়ল। পররাষ্ট্র: মূল সংবিধানের ২৫ অনুচ্ছেদটি পুনর্বহাল রেখে পঞ্চম সংশোধনীতে একটি বাক্য যুক্ত করা হয়েছিল। এটি হলো ‘রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবেন।’ এর বিলোপ ঘটেছে। ১৯৭৮ সালে সংবিধানে ১৪৫ক যুক্ত করা হয়েছিল। এতে বলা হয়েছিল: ‘বিদেশের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।’ এই বিধানটিরও বিলোপ ঘটল।গণভোট: পঞ্চম সংশোধনীতে ১৪১ক অনুচ্ছেদে সংবিধান সংশোধনে গণভোট প্রথা চালু করা হয়। দ্বাদশ সংশোধনীতে পরিমার্জিত হয় যে, প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদ সংশোধন করতে হলে গণভোট লাগবে। এর বিলোপ ঘটেছে। এখন মূল সংবিধানের বিধান ফিরে এল। এখন গণভোট ছাড়াই সংবিধানের যেকোনো অনুচ্ছেদ সংসদ সংশোধন করতে পারবে। বিচারক নিয়োগ: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে ৯৫(২) অনুচ্ছেদ সম্পর্কে নির্দেশনা ছিল না। কিন্তু তা সত্ত্বেও ৯৫(২) অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছে। বলা হয়েছে, পঁচাত্তরের ১৫ আগস্ট এটি যেভাবে ছিল, সেভাবে ফিরিয়ে আনা হলো। এর ফলে ৯৫(২) অনুচ্ছেদ থেকে গ উপদফাটি লুপ্ত করা হলো। এখানে ছিল: ‘সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা না থেকে থাকলে কেউ উচ্চ আদালতের বিচারক হতে পারবেন না।’ ৩৩ বছর কেটে গেল। কিন্তু ওই আইনটি তৈরি হলো না। বর্তমান সংসদীয় স্থায়ী কমিটি এর আওতায় একটি আইন তৈরির উদ্যোগ নিয়েছিল। এখন আর তা কাজে আসবে না।উল্লেখ্য, হাইকোর্টের রায়ে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বাহাত্তর সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮ ও ১৪২ ফিরিয়ে আনতে রায় দিয়েছিলেন।