দালালচক্রের ভিড়ে রোগীরা অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর হাসপাতালে দালালদের ভিড়ে রোগীরা অসহায়। তিন স্তরে ৫০ থেকে ৬০ জন দালাল হাসপাতালে কাজ করে বলে অভিযোগ রয়েছে। দালালদের কাছে ডাক্তারদের জিম্মি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সদর হাসপাতালের পাশে অবস্থিত নিউ মেট্রো ক্লিনিক, সেভ ডেলিভারি, হাওলাদার ক্লিনিক, নিউ পপুলার ডায়াগনস্টিক ও নিপুণ ক্লিনিকের নিয়োগ দেওয়া দালালেরা কমিশনের বিনিময়ে হাসপাতাল থেকে রোগী সংগ্রহ করে। একশ্রেণীর দালাল আন্তবিভাগে ভর্তি হওয়া রোগীদের শয্যার ব্যবস্থা করে থাকে। আরেক শ্রেণীর দালাল প্রভাব খাটিয়ে ডাক্তারদের কাছ থেকে বিভিন্ন মামলার রোগীদের ডাক্তারি সনদ পাইয়ে দেয়। প্রতিটি ক্লিনিক মাসিক বেতন ও কমিশনে হাসপাতালে পাঁচ থেকে ছয়জন দালাল নিযুক্ত করেছে। হাসপাতালে কর্মরত প্রত্যেক ডাক্তারের কক্ষে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত তারা কাজ করে। ডাক্তারের কক্ষে রোগী প্রবেশ করলেই দালালেরা তাদের ক্লিনিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য ওই রোগীকে ঘিরে ধরে।গোসাইরহাট উপজেলার ইদিলপুর গ্রামের আবুল হোসেন (৬০) বলেন, ‘হাসপাতালের ডাক্তার মলমূত্র ও রক্ত পরীক্ষা করতে দিয়েছেন। দালালের কবলে পড়ে বাইরে থেকে পরীক্ষাগুলো করতে হয়েছে। পরে জেনেছি এসব পরীক্ষা হাসপাতালেই করা হয়। ডাক্তারের কক্ষ থেকেই দালালেরা আমাকে ধরে নিয়ে গেছে।’নড়িয়া উপজেলার বাঁশতলা গ্রামের মোতালেব (৪৫) বলেন, ‘এলাকায় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আমাদের সমর্থকেরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আঘাত ছোট হওয়ায় ডাক্তার সার্টিফিকেট দিচ্ছিলেন না। দালাল ধরে টাকা দিয়ে সার্টিফিকেট নিয়েছি।’সদর উপজেলার কাশীপুর গ্রামের গিয়াসউদ্দিন (৫০) বলেন, ‘হাসপাতালে আমার বড় ভাইকে ভর্তি করেছি। শয্যা না পাওয়ায় দালালের মাধ্যমে শয্যার ব্যবস্থা করেছি।’সেভ ডেলিভারির নিয়োগপ্রাপ্ত মোকারম ও সোহেল জানান, যেসব রোগীর পরীক্ষা হাসপাতালে হয় না, তাদের ক্লিনিকে নিয়ে যাওয়া তাদের কাজ। প্রতিদিন সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত ডা. মুনির আহম্মেদ খানের কক্ষে তাঁরা দায়িত্ব পালন করেন।মেট্রো ক্লিনিকের নিয়োগপ্রাপ্ত আলাউদ্দিন বলেন, ‘আমাকে রোগী সংগ্রহের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ক্লিনিকের ছয়জন সদস্য হাসপাতালে কাজ করে। আমি প্রতিদিন ডা. ইমরান খানের কক্ষে কাজ করি। এখান থেকে রোগী ক্লিনিকে নিয়ে যাই।’ ডা. মুনির আহম্মেদ খান বলেন, ‘হাসপাতালে মানুষের ভিড়ে কে রোগী কে দালাল বোঝা যায় না। আমরা দালালদের প্রশ্রয় দিই না। আমার কক্ষে দালাল প্রবেশ করলে আমি তো তাদের বের করে দিতে পারি না।’সেভ ডেলিভারির পরিচালক আবুল হোসেন বলেন, ‘ক্লিনিকে এমনিতেই রোগী আসে। আমরা হাসপাতালে কোনো দালাল নিয়োগ করিনি।’সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নির্মল চন্দ্র দাস বলেন, ‘হাসপাতালে কিছু বহিরাগত লোক কাজ করে। আমরা উদ্যোগ নিয়েও তাদের ঠেকাতে পারিনি। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করে। স্থানীয় ক্লিনিকগুলো রোগী সংগ্রহের জন্য তাদের হাসপাতালে নিয়োজিত করেছে। জেলা স্বাস্থ্যসেবা কমিটির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করব।’ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীরা অতিষ্ঠ: নয়টা বাজার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভিড় করতে থাকে রোগীরা। কর্মরত চিকিত্সকেরাও আস্তে আস্তে আসতে থাকেন। চিকিত্সকদের জন্য রোগীর পাশাপাশি অপেক্ষা করেন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।হাসপাতাল সূত্রে জানা যায়, অফিস চলাকালে কোনো বিক্রয় প্রতিনিধি চিকিত্সকের সঙ্গে দেখা করতে পারবেন না। প্রতিদিন ২০-২৫ জন বিক্রয় প্রতিনিধি সকাল নয়টা থেকে চিকিত্সকের কক্ষের সামনে ভিড় করেন। একজনের পর একজন প্রতিনিধি চিকিত্সকের সঙ্গে দেখা করেন এবং ফ্রি স্যাম্পল দিয়ে চিকিত্সকদের কোম্পানির উত্পাদিত ওষুধ লেখায় প্রভাবিত করেন। হাসপাতালের সামনে তাঁদের মোটরসাইকেল রাখার কারণে রোগীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। কনেশ্বর ইউনিয়নের আতলাকুড়ি গ্রামের মনোয়ার হোসেন (৪০) বলেন, ‘চিকিত্সকের কক্ষের সামনে আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি। ওষুধ কোম্পানির লোক ভেতরে বসে চিকিত্সকদের সঙ্গে গল্পগুজব করে সময় পার করেন। এমনিতেই হাসপাতালে চিকিত্সক কম। এর ওপর সময় নষ্ট করলে রোগীদের দুর্ভোগে পড়তে হয়।’ সিধলকুড়া গ্রামের ইসমাইল (৩৫) বলেন, ‘আমরা ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকি। কিন্তু ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারদের ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করেন। এতে প্রতিদিন অনেক রোগী ডাক্তার দেখাতে না পেরে ফিরে যায়।’অপসোনিন কোম্পানির বিক্রয় প্রতিনিধি মনিরুজ্জামান বলেন, ‘কোম্পানির নতুন পণ্য সম্পর্কে ডাক্তারদের ধারণা দেওয়ার জন্য হাসপাতালে আসি।’ফারিয়া ডামুড্যার সভাপতি মজিবুর রহমান বলেন, ‘সরকারি নিয়মের মধ্যে থেকেই আমাদের হাসপাতালগুলোতে যাওয়া উচিত। ওষুধ পরীক্ষা করে গরিব রোগীদের মধ্যে বিতরণের জন্য ডাক্তারদের দেওয়া হয়।’ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত রোগী দেখার ফাঁকে ফাঁকে আমরা বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলি। এতে রোগীদের তেমন কোনো সমস্যা হয় না। অতিরিক্ত ভিড় থাকলে তাঁদের হাসপাতালে প্রবেশ করতে নিষেধ করি।’ ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া রোগী দেখা হয় না: রামভদ্রপুর গ্রামের তাসলিমা বেগম (৪০) অসুস্থ স্বামী আমির হোসেনকে নিয়ে এসেছেন চিকিত্সকের কাছে। টাকা ছাড়া চিকিত্সক তাঁর স্বামীকে দেখবেন না। উপায় না দেখে ৫০ টাকা ফি দিয়ে চিকিত্সককে দেখালেন তিনি। তাসলিমা বলেন, ‘আমরা গরিব-অসহায় মানুষ। সরকারি হাসপাতালেও আমাদের কাছ থেকে টাকা নেয়। ডাক্তার সুলতান মাহমুদকে টাকা দেওয়ার পর ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন।’ একই অভিযোগ করলেন কার্তিকপুর গ্রামের রুবিয়া (২৫), মহিষাড় গ্রামের রোজিনা আক্তার (২৭) ও সাজনপুর গ্রামের নার্গিস বেগম (৩৫)। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, হাসপাতালে বসে কোনো চিকিত্সক রোগীর কাছ থেকে ফি নিতে পারবেন না। বিনা পয়সায় রোগীকে ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। চিকিত্সক সুলতান মাহমুদ বলেন, ‘জোর করে কোনো রোগীর কাছ থেকে টাকা নিই না। হাসপাতালের স্লিপের বাইরে কেউ দেখাতে এলে তারা কিছু টাকা দেয়। এতে দোষের কিছু নেই।’ ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, হাসপাতালে বসে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয় না। কোনো রোগী খুশি হয়ে টাকা দিলে সেটা গ্রহণ করা হয়।