চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের ওষুধের দোকানগুলোতে ছাত্রলীগের কয়েকজন নেতা আবার চাঁদাবাজি শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। চাঁদা দিলে এসব দোকানের দালালদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়। সম্প্রতি শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিত্সকেরা ওষুধের দালালদের দৌরাত্ম্য বন্ধের উদ্যোগ নিলে চাঁদাবাজির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ছাত্রলীগের নেতারা দালালদের পক্ষ নিয়ে শিক্ষানবিশ চিকিত্সকদের ওপর হামলা চালান। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে পূর্ব গেটে ১৮টি ওষুধের দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে সপ্তাহে ৮০০ টাকা করে নেওয়া হয়। এ হিসাবে মাসে নেওয়া হয় প্রায় ৬০ হাজার টাকা। ব্যবসায়ী কল্যাণ সমিতির এক নেতা এই অর্থ তুলে ছাত্রলীগের নেতাদের কাছে পৌঁছে দেন।পাঁচলাইশ ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘কেউ না কেউ চাঁদা দিচ্ছে। তবে কে কীভাবে কার মাধ্যমে দিচ্ছে, সেটা আমার জানা নেই। এর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আর আমি ব্যক্তিগতভাবে দালালপ্রথা বন্ধের পক্ষে।’নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব গেট এলাকার কয়েকজন দোকানি বলেন, ‘নিয়মিত চাঁদা দিলে দোকানের দালালদের ওয়ার্ডে ঢুকতে দেওয়া হয়। এখন নিজেদের মধ্যে দলাদলির কারণে তাঁরা দালালদের বের করে দিয়েছেন।’জানা গেছে, হাসপাতালের প্রসূতি, সার্জারি, অর্থোপেডিক ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে দালালদের দৌরাত্ম্য বেশি। দালালেরা রোগীদের দেওয়া চিকিত্সকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) সংগ্রহ করেন। তারপর ওষুধ এনে দিয়ে রোগীর কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে তিন-চার গুণ বেশি নিয়ে থাকেন।হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর হোসেন মল্লিক বলেন, ‘দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে আমি শিক্ষানবিশ চিকিত্সকদের নির্দেশ দিয়েছি। কিন্তু আমাদের কিছু ছাত্র ও কর্মচারী এর সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। তাঁরা দালালদের প্রতিরোধে বাধা দিচ্ছেন। ইন্টার্ন হোস্টেলে হামলা এর অন্যতম একটি কারণ বলে অভিযোগ পেয়েছি। তবে আমরা দালালদের দৌরাত্ম্য বন্ধ করবই।’জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) হাসপাতালের কিছু দালালকে মারধর করে বের করে দেয়। এ সময় দালাল ও দোকানের মালিকদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। দালালের মাধ্যমে ১৮টি দোকান হাসপাতালে ব্যবসা করছে, পরিচালকের কাছে এমন একটি তালিকাও দেন আইডিএ নেতারা।পুলিশ ও চিকিত্সকেরা জানান, দালাল প্রতিরোধের ঘটনা নিয়ে ১২ মার্চ রাতে শিক্ষানবিশ চিকিত্সকদের হোস্টেলে হামলা চালানো হয়। এতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার মুঈদ ও ফাহাদ নাছিফের পাশাপাশি দালালেরা অংশ নেন। তবে ছাত্রলীগের নেতারা দাবি করেন, তাঁরা পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন।ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাকির হাসান অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা মুঈদ, ফাহাদসহ অন্য নেতা-কর্মীরা দালালদের নিয়ে মিজান হোস্টেলে তাঁদের ওপর হামলা চালান। ছাত্রলীগের একটি অংশ ওষুধের দোকানিদের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই চাঁদাবাজির পেছনে স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) কয়েকজন নেতাও রয়েছেন।তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ নাছিফ দাবি করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগে অন্য দলের কিছু লোক আশ্রয় নিয়েছে। তারাই বিভিন্ন দোকানে চাঁদাবাজি করছে।’এর আগে মহাজোট ক্ষমতায় আসার পর হাসপাতালের পূর্ব গেট এলাকার দোকানগুলোতে ছাত্রলীগ চাঁদাবাজি শুরু করে। এ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চাঁদাবাজি বন্ধ হয়। বিগত চারদলীয় জোট সরকারের সময় ছাত্রদল এ এলাকায় চাঁদাবাজি করত।