বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের সরকারিভাবে নাম নিবন্ধনের জন্য উত্সাহিত করতে বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।আজ রোববার দুপুরে দেশের সাত বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী এই আহ্বান জানান। নিজ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিদেশ যেতে ইচ্ছুকরা এখন থেকে মাত্র ৮০ টাকায় নাম নিবন্ধন করতে পারবেন। আর যাঁরা নিবন্ধন করবেন, তাঁরাই সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য প্রাধান্য পাবেন। কাজেই সাধারণ জনগণকে এ ব্যাপারে উত্সাহিত করতে বিভাগীয় কমিশনারদের কাজ করতে বলা হয়েছে।’মন্ত্রী বলেন, ‘কেউ বিদেশে যেতে চাইলে দালালরা সাধারণ মানুষের কাছ থেকে শুরুতেই ২০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে নেয়। এর পর বিদেশে পাঠানোর জন্য তারা আরও অনেক খরচ নেয়। কিন্তু নাম নিবন্ধন করলে এই দালালপ্রথা এমনিতেই ভেঙে যাবে।’মন্ত্রী বলেন, সরকার কম খরচে সবাইকে বিদেশে পাঠানোর চেষ্টা করছে। কেউ নাম নিবন্ধন করলে তিনি কোন কাজে কত বেতন পাবেন, সেসব ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন।মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ জরুরি। এখন ৩৭টি সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আছে। সাধারণ মানুষ যেন সেখানে গিয়ে প্রশিক্ষণ নেন, সে ব্যাপারেও সচেতনতা তৈরি করতে হবে।