দালালের মাধ্যমে লিবিয়া যাবেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী
দালালের মাধ্যমে কোনো বাংলাদেশিকে লিবিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ‘লিবিয়া ফেরত প্রবাসীদের পুনর্বাসন ও পুনঃ অভিবাসন’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।সভায় মন্ত্রী বলেন, লিবিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে কাউকে কোনো বিজ্ঞাপন প্রচারের ক্ষমতা দেয়নি সরকার। কোনো সংস্থা যদি তা করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, লিবিয়া জনশক্তি আমদানি শুরু করলে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে ব্যবস্থা নেবে সরকার। তবে তার আগে দালালদের মাধ্যমে কেউ যেন দেশটিতে না যায়। মন্ত্রী জানান, লিবিয়া ফেরত প্রবাসী বাংলাদেশিদের একটি নিবন্ধন তালিকা সরকারের কাছে রয়েছে। লিবিয়া যখন জনশক্তি আমদানি শুরু করবে তখন তাদেরকেই পুনরায় পাঠানোর উদ্যোগ নেবে সরকার।আইওএমের দক্ষিণ এশিয়ার প্রধান রাবাব ফাতিমা সভায় সভাপতিত্ব করেন। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সভায় বক্তব্য দেন। লিবিয়ায় যুদ্ধ চলাকালে দেশটিতে কর্মরত ৩৫ হাজার ৯৭৮ জন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হয়।