দাহ্য রাসায়নিক পদার্থ অপসারণে অভিযান: দুজনকে জরিমানা
রাজধানীর আবাসিক এলাকা থেকে দাহ্য রাসায়নিক পদার্থ অপসারণের লক্ষ্যে ফায়ার সার্ভিস ও র্যাব সদস্যদের সমন্বয়ে আজ রোববার বেলা ১১টা থেকে অভিযান শুরু করেছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। অবৈধভাবে দাহ্য রাসায়নিক পদার্থ রাখার দায়ে একটি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে তিন লাখ টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে অপর একটি প্রতিষ্ঠান সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আজ এলিফ্যান্ট রোডের ৩৬৮, ৩৪৭ ও ৩৪৯ নম্বর রাসায়নিক গুদামে অভিযান চালান। আদালত সেখানে পৌঁছানোর আগেই গুদামের মালিকেরা রাসায়নিক পদার্থ সরিয়ে ফেলেন।বিকেল তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার নিমতলী ও হোসনী দালান এলাকায় অভিযান শুরু করেন। আদালত ৮ নম্বর হোসনী দালানের আবদুল গাফফার অ্যান্ড কোম্পানির গাফফার কেমিক্যালের রাসায়নিক গুদামে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত সেখানে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক দ্রব্যের বস্তা চিহ্নিত করেন। তবে কেমিক্যালের গুদামটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই, ফায়ার সার্ভিসের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অগ্নিনির্বাপণ প্রতিরোধ আইন ২০০৩-এর ৪ ধারার ১৮ নম্বর শর্ত ভঙ্গের দায়ে গুদামের ব্যবস্থাপক মো. শহীদুল্লাহকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।একই আদালত গাফফার কেমিক্যালের আরেকটি গুদামে একই দৃশ্য দেখতে পেয়ে গুদামটির তত্ত্বাবধায়ক মো. নাসিরুল ইসলাম খানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে বিকেল পৌনে চারটার দিকে গাফফার কেমিক্যালের মালিক আদালতকে তিন লাখ টাকা জরিমানা দিয়ে দণ্ডপ্রাপ্ত দুই কর্মকর্তাকে আদালত থেকে ছাড়িয়ে নেন।অপরদিকে নিমতলীর বিপরীত পাশে অবস্থিত একটি দোকানের সঙ্গে রাসায়নিকের গুদামে বিপুল পরিমাণ দাহ্য এসিড শনাক্ত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।এ সময় ভ্রাম্যমাণ আদালত গুদামটি সিলগালা করার নির্দেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জহুরুল আমিন প্রথম আলোকে জানান, রাজধানীর আবাসিক এলাকা থেকে রাসায়নিক দাহ্য পদার্থ সরিয়ে ফেলার সময়সীমা শেষ হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের এটিই প্রথম অভিযান। প্রতি সপ্তাহে একবার করে এই অভিযান অব্যাহত থাকবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন প্রথম আলোকে বলেন, যেখানে অভিযোগ পাওয়া যাবে, আইন অনুযায়ী সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।