দাহ্য রাসায়নিক পদার্থ সরানোর সময় বাড়বে না: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, পুরান ঢাকায় বিভিন্ন গুদাম থেকে দাহ্য রাসায়নিক পদার্থ আগামী ১৭ আগস্টের মধ্যেই সরিয়ে ফেলতে হবে। যেসব ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে তা সরিয়ে নিতে ব্যর্থ হবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের জনগণের নিরাপত্তা রক্ষার স্বার্থেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘পুরান ঢাকার শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।দিলীপ বড়ুয়া বলেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় দাহ্য কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের গুদাম অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হয়। একই সঙ্গে এ সময়ের মধ্যে ব্যবসায়ীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়।শিল্পমন্ত্রী বলেন, পুরান ঢাকায় যেভাবে দাহ্য রাসায়নিক পদার্থ রাখা হয়েছে তা মৃত্যু ফাঁদের মতো। সরকার জেনেশুনে জনগণকে মৃত্যৃ ফাঁদের মধ্যে রাখতে পারে না। এ বিষয়গুলো বিবেচনা করে বেঁধে দেওয়া সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি যেসব ভবনে রাসায়নিক রাখা হয়েছে, সেগুলোর গায়ে ‘বিপজ্জনক’ লিখে রাখারও নির্দেশ দেন। রাজধানীর দিলকুশা এলাকায় বিসিআইসি মিলনায়তনে বিসিআই সভাপতি শাহেদুল ইসলাম হেলালের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংসদ জাহিদ মালেক ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নঈম মো. শহীদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন।