দাড়িদহ-ফুলপুকুরিয়া সড়কের বেহাল অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ-ফুলপুকুরিয়া সড়কটি দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় মানুষ চরম বিড়ম্বনার মধ্যে পড়েছে। বর্ষা আসন্ন। তাই ফি-বছরের মতো এলাকার মানুষের চোখে-মুখে এখনই উত্কণ্ঠার ছাপ দেখা দিয়েছে। সড়কটির অবস্থা এতটাই নাজুক যে, ওই সড়কে মানুষের চলাচল আগের তুলনায় এক-পঞ্চমাংশে এসে দাঁড়িয়েছে। উপজেলার বাগইল গ্রামের আফজাল হোসেন (৪৫) বলেন, ‘হামড়া হনো দুর্ভাগা গাঁয়ের বাসিন্দা। অ্যানা বিষ্টি হলিই বাড়ির সামনের কাঁচা আস্তায় হাঁটুসমান কাদো হয়্যা যায়। বাড়িত থ্যাকা এক পাও বাড়াবার পারি ন্যা। ছোলপোলকেরে ইশকুলোত যাওয়া বন্দ হয়্যা যায়। এই আস্তা দিয়া একেবারে চলব্যার পারি ন্যা।’ শুধু বাগইল গ্রামের আফজাল হোসেন নন, চকবাগইল গ্রামের রহিমউদ্দিন (৪৮), খোর্দশোকরা গ্রামের নাজিম উদ্দিন (২৮) ও তাঁদের মতো ওই এলাকার সব মানুষই তাদের একটিমাত্র সড়ক বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। মাত্র চার কিলোমিটার সড়কটি পাকাকরণের দাবি করে বিভিন্ন জায়গায় ধরনা দিলেও দীর্ঘদিনেও সড়কটি পাকাকরণের উদ্যোগ না নেওয়ায় তাঁরা ধরেই নিয়েছেন, এ সড়কটি আর পাকা হবে না। গ্রামবাসী জানান, সড়কটির বেহাল দশার কারণে দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছে। বর্ষা এলেই এ সড়কের পাশ দিয়ে ওই সব গ্রামের বাসিন্দারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বাড়ি থেকে বেশি প্রয়োজন না হলে তারা বাইরে বের হতে চায় না। কাদা এতটাই বেশি হয় যে রিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই চলতে পারে না। এমনকি পথ নামক এই এঁটেল মাটির রাস্তায় হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। ফলে গ্রামগুলোর কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে পড়েন। গ্রামের ছাত্রছাত্রীরাও স্কুল-কলেজে যেতে চায় না। এলাকাবাসী জানান, দাড়িদহ বাজার থেকে ফুলপুকুরিয়া বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিনের। সড়কটি পাকাকরণের দাবিও দীর্ঘদিনের। স্থানীয় নেতাদের কাছে তাঁরা এ সড়কটি করে দেওয়ার জন্য একাধিকবার আবেদন করেন। অনেকে প্রতিশ্রুতিও দিয়েছেন। বিশেষ করে ভোট মৌসুম এলে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মেলে। কিন্তু শেষ পর্যন্ত জনগণের যে দুর্ভোগ তা আর লাঘব হয় না। সড়কটির ব্যাপারে জানতে চাইলে ভ্যানচালক মোকারম হোসেন (৩৫) বলেন, ‘জন্মের পর থ্যাক্যা আস্তাডা ইংকায় দেখ্যা আসিচ্ছি। বিষ্টি না হলে ধুলায় ভরা থাকে আস্তাডা আর বিষ্টি হলে হাঁটুসমান কাদো জম্যা যায়। তকন হামাকেরে এই আস্তাত আর ওজগার হয় না।’আরেক ভ্যানচালক মনির উদ্দিন (৩০) বলেন, ‘আকাশোত ম্যাগ দেকলে এই আস্তায় ভ্যান চালান বন্ধ কর্যা দেই। তকন অন্য দিকিন ভাড়া খাটি।’খোর্দশোকরা গ্রামের কামরুল ইসলাম (৩৮) বলেন, ‘হামড়া বড্ড অসহায়। আস্তাডা পাকা করার কথা কতে কতে একন আর কবার মনে চায় না। কাক কই। হামাকেরে কওয়ার আর জাগা নাই।’স্কুলছাত্র আমিনুল ইসলাম (১৫) বলে, বর্ষার কয়েকটা দিন তাদের বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয়। তাই অনেকেই আর স্কুলে যায় না। সড়কটি পাকা করা না গেলেও যদি ইট ইট বিছানোর ব্যবস্থা হয়, তাতেও অন্তত তারা বিদ্যালয়ে যেতে পারত।অভিভাবক রোস্তম আলী (৫০) বলেন, সড়কটি পাকা না হওয়ায় সব শ্রেণীর মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকালে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার অনেক কমে যায়। ফলে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। পল্লী চিকিৎসক বজলুর রহমান জানান, বর্ষাকালে এলাকার মানুষের সমস্যার সীমা থাকে না। বিশেষ করে কোনো মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। সড়কটি পাকা না হওয়ায় এলাকার মানুষ অনেক কিছু থেকে পিছিয়ে পড়ছেন। এলাকার (ময়দানহাটা ইউনিয়ন) সাবেক চেয়ারম্যান রমজান আলী বলেন, তিনি অনেক চেষ্টা করেছেন সড়কটি পাকাকরণের জন্য। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর না থাকায় সাফল্য আসেনি।বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুনু মণ্ডল বলেন, বর্ষাকালে চলাচলে এলাকাবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। চেষ্টা করে যাবেন যেন সড়কটিতে কমপক্ষে ইট বিছানোর কাজ শুরু হয়।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, তিনি শুনেছেন সড়কটির কারণে ওই এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি তিনি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখবেন। সড়কটি পাকাকরণের জন্য তিনি তাঁর সাধ্যমতো সব ধরনের ব্যবস্থা নেবেন।এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, সড়কটি পাকা করতে তিনি উদ্যোগ নিয়েছেন। আশা করছেন, তিনি সফল হবেন।