দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক মিশুক মুনীরকে যখন সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে, তখন সেখানে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘আমরা আর পিষ্ট হতে চাই না। তাই এই শোক হোক প্রতিবাদের হাতিয়ার।’ তাঁর নাম সাইফুল হাসান। তরুণ নির্মাতা। সাইফুলের দাবি, তারেক মাসুদ আর মিশুক মুনীরের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়; এটি হত্যাকাণ্ড। তাঁর প্রশ্ন, ‘গাড়ির চাকায় পিষ্ট হয়ে আর কত প্রাণ গেলে আমাদের বিবেক জাগ্রত হবে?’ দেশের বিশিষ্ট নাগরিকেরাও বলছেন, এভাবে আর চলতে পারে না। তাঁরা এসব মৃত্যুর দায় নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাঁরা দ্রুত সড়ক রক্ষণাবেক্ষণ, পরীক্ষা না করে লাইসেন্স দেওয়া বন্ধ ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন। দায় নিতে হবে: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো মেধাবী মানুষের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা জাতির ক্ষতি। একইভাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে। নিহতদের পরিবারগুলোর কাছে ওই সব মৃত্যুও বিশাল ক্ষতি।’ মোজাফ্ফর আহমদ বলেন, ‘কোনো ধরনের যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা না করে পরিবহন শ্রমিক নেতাদের সুপারিশে চালকদের লাইসেন্স দেওয়া হচ্ছে। ওই শ্রমিক নেতাদের একজন আবার মন্ত্রী। তাই এখনই ওই মন্ত্রীর (শাজাহান খান) পদত্যাগ করা উচিত।’ মোজাফ্ফর আহমদ বলেন, দেশের বেহাল সড়কগুলোর রক্ষণাবেক্ষণের বদলে যোগাযোগমন্ত্রী বড় বড় পরিকল্পনা আওড়ে বেড়াচ্ছেন। এমন ব্যর্থ মন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। আর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি সেই কাজ করতে ব্যর্থ। ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ করা উচিত। মোজাফ্ফর আহমদ বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব মৃত্যুর দায় তো কাউকে না কাউকে নিতে হবে। দেশের তিন মন্ত্রীর দিকেই এর দায় যায়। কাজেই তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।এত অনিয়ম চলতে পারে না: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গবেষণা করে দেখিয়েছে, দেশের ২০০টির মতো জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। তারেক ও মিশুক যে স্থানে মারা গেছে, সেই জায়গার নামও আছে ওই তালিকায়। কাজেই সরকারের দায়িত্ব ওই তালিকা সামনে রেখে নিরাপদ সড়ক তৈরি করা।’ জামিলুর রেজা চৌধুরী বলেন, বিআরটিএ কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া লাইসেন্স দিচ্ছে। একজন মন্ত্রী এই লাইসেন্স দেওয়ার জন্য আরেক মন্ত্রীকে সুপারিশ করেছেন। কীভাবে তাঁরা এমনটি করতে পারেন? বেহাল সড়ক ঠিক করার দায়িত্ব যোগাযোগ মন্ত্রণালয়ের। আর সড়ক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক পুলিশ আছে। কিন্তু তাদের সঙ্গে গাড়ির চালক-মালিকদের সম্পর্কের কথা শোনা যায়। এত সব অনিয়ম নিয়ে তো দেশ চলতে পারে না। সংশ্লিষ্ট সবার উচিত, তাদের এই দায়িত্বগুলো পালন করা। দায় যোগাযোগ মন্ত্রণালয়কে নিতেই হবে: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, ‘আজ (গতকাল) মানবাধিকার কমিশনের বৈঠক ছিল। আমরা এ নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। এভাবে একের পর এক মৃত্যুর দায় যোগাযোগ মন্ত্রণালয়কে নিতেই হবে।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘যাদের দক্ষতা-যোগ্যতা নেই তারা চালকের লাইসেন্স পেয়ে যাচ্ছে। কয়েকজন শ্রমিক নেতা ও স্বার্থান্বেষী চক্রের লোভের কাছে জাতি জিম্মি। সরকারও যেন তাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই। আমরা দাবি জানাচ্ছি, যাদের অবহেলার কারণে এসব ঘটনা ঘটছে, তাদের শাস্তি দেওয়া হোক। আশা করি, ওই চক্রের জাল ভেদ করে সরকার স্বমহিমায় জেগে উঠবে।’ মন্ত্রীর উক্তি দায়িত্বজ্ঞানহীন: টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘এসব দুর্ঘটনার দায় তো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিতেই হবে। আমাদের যদি এমন মনোভাব থাকে, যা কিছু ঘটে এমনি এমনি ঘটে, তাহলে তো এই একবিংশ শতাব্দীতে এসে নিজেদের সভ্য দাবি করা যায় না। কারণ সভ্য মানুষের প্রতিটি কাজের পেছনে দায়িত্ববোধ থাকে।’সুলতানা কামাল নৌপরিবহন ও যোগাযোগমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, ‘স্কয়ার হাসপাতালে সাংবাদিকেরা যখন নৌপরিবহনমন্ত্রীকে জিজ্ঞেস করলেন, পুলিশ তো বলছে চালকের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। তখন মন্ত্রী বললেন, “পুলিশ বললেই হবে নাকি!” তাহলে কে বললে হবে? তাঁরা (মন্ত্রীরা) তাহলে বলুক, কেন দুর্ঘটনা ঘটছে? মন্ত্রীর এই উক্তি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়েছে।’ সুলতানা কামাল বলেন, ‘চালকদের লাইসেন্স দেওয়ার দায়িত্ব বিআরটিএর। কিন্তু নৌপরিবহনমন্ত্রী যোগ্যতার পরীক্ষা ছাড়া সাড়ে ২৪ হাজার লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন? কে তাঁকে এই এখতিয়ার দিল? আমি এখানে প্রচ্ছন্ন দুর্নীতি দেখতে পাচ্ছি।’ সুলতানা কামাল বলেন, সড়কগুলোর বেহাল দশা। একের পর এক দুর্ঘটনা ঘটছে। কিন্তু যোগাযোগমন্ত্রীর মুখে কোনো অনুতাপের ছাপ নেই। তিনি বলছেন, রাস্তায় মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারে। এমন দায়িত্বহীন কথা মন্ত্রী বলেন কী করে?সুলতানা কামাল বলেন, সরকারের মনে রাখা উচিত, মানুষের চলাফেরার নিরাপত্তা দেওয়া এবং দুর্ঘটনার সংখ্যা ন্যূনতম পর্যায়ে রাখা সুশাসনের অংশ। অপরাধবোধও জাগায়: শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তারেক-মিশুকের চলে যাওয়া; প্রতিদিন মানুষের প্রাণ হারানো শুধু বেদনাদায়কই নয়, আমাদের মধ্যে অপরাধবোধও জাগায়। এর প্রতিবিধান হওয়া উচিত। যাঁরা রাষ্ট্র চালান, তাঁরা কেউ-ই এ ব্যর্থতার দায় এড়াতে পারেন না।’