দায় নেয় না কেউ
সড়ক বেহালে থাকায় চলাচলে দুর্ভোগে পড়েছে দক্ষিণ বনশ্রীর এল, এম, এন ও কে ব্লকের বাসিন্দারা। ওই ব্লকগুলোর রাস্তা রাজউক থেকে ডিসিসিতে হস্তান্তর-প্রক্রিয়া ঝুলে আছে। এ জন্য এলাকার সড়কগুলো উন্নয়ন ও সংস্কারে কোনো কাজ করছে না ডিসিসি। আবার রাজউকও কোনো কাজ করছে না। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে ডিসিসিতে রাস্তাঘাট হস্তান্তর না হওয়ায় চলাফেরায় ভোগান্তির মধ্যে আছে মিরপুর ১ নম্বর সেকশনের জনতা হাউজিং ও মিরপুর ২ নম্বর সেকশনের জি-১ ব্লকের বাসিন্দারা। কেননা এলাকা দুটোর রাস্তার উন্নয়ন ও সংস্কারে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা ডিসিসি কেউ এগিয়ে আসছে না। এ বিষয়ে যোগাযোগ করা হলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ঢাকা ডিভিশন-১ (মিরপুর) সূত্র জানায়, জনতা হাউজিংয়ের রাস্তা এবার ডিসিসিতে হস্তান্তর করা হয়েছে। এখন ডিসিসি কবে রাস্তার উন্নয়নে হাত দেয়, সেদিকে তাকিয়ে আছে এলাকাবাসী।খোদ ডিসিসির বিভাগগুলোর সমন্বয়হীনতার কারণেও চলাচলে নাকাল হতে হয় যানবাহনের যাত্রী ও পথচারীদের। এ ক্ষেত্রে বলা যায় নগরের প্রধান প্রধান সড়কের বিভাজক ও ফুটওভারব্রিজের কথা। নিয়মিত পরিচ্ছন্নতার ছোঁয়া না পেয়ে অনেক বিভাজক ও ফুটওভারব্রিজে জমেছে ধুলো ও আবর্জনা। এ বিষয়ে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, তাঁদের কর্মীদের দায়িত্ব শুধু সড়ক পরিচ্ছন্ন করা। সড়ক বিভাজক পরিচ্ছন্নতার কাজটি করে থাকে ডিসিসির সৌন্দর্যবর্ধন কমিটি। বিমানবন্দর সড়কের বড় একটি অংশ সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে আছে। তাই হয়তো ডিসিসির কর্মীরা ওই সড়কের ফুটওভারব্রিজগুলো পরিষ্কার করে না।