দায় মেটাতে প্রথমবারের মতো রাজপথে ওরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তাসনিয়া তাহসিন। জীবনে তিনি কখনো রাজপথে নামেননি, কখনো স্লোগান দেননি, কখনো মিছিলও করেননি। সেই তাসনিয়াই আট দিন ধরে আছেন শাহবাগের প্রজন্ম চত্বরে। তাসনিয়ার মতো দেশের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার কিশোর-তরুণ-তরুণী জীবনে প্রথমবারের মতো রাজপথে। স্লোগান-মিছিল আর নানা সৃজনশীলতায় তাঁরা আজ আলোকিত করে তুলেছেন শাহবাগের প্রজন্ম চত্বর। পরিবারের বাধা, জীবনের নানা ব্যস্ততা—কোনো কিছুই আজ তাঁদের ঠেকিয়ে রাখতে পারছে না। এই তরুণেরা বলছেন, সময়ই তাঁদের আন্দোলন করতে শিখিয়েছে।কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে গত মঙ্গলবার শাহবাগে শুরু হয়েছিল আন্দোলন। এরপর আট দিন ধরে যাঁরা স্লোগান-মিছিলে শাহবাগে আছেন, তাঁদের অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণ। মাথায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির ব্যান্ড লাগিয়ে, গায়ে-শরীরে নানা স্লোগান দিয়ে নবসাজে আসছেন তাঁরা।এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ নিয়ে সচেতন নন, তাঁরা কোনো বিষয়ে আন্দোলনে নামেন না—এমন ধারণাকেও পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছে এই আন্দোলন। প্রতিদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখানে আসছেন। স্লোগান দিচ্ছেন। এই শিক্ষার্থীরা বলছেন, বাবা-মা এবং স্কুলের শিক্ষকেরাও তাঁদের এখানে আসতে উৎসাহিত করছেন। আবার স্কুল পালিয়েও অনেকে আসছেন এখানে।মোমবাতি প্রজ্বালন করে মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে স্লোগান দিচ্ছিলেন তাসনিয়া তাহসিন। কেন এই আন্দোলনে এসেছেন জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এটা সত্যি আমি জীবনে কোনো দিন মিছিল করিনি। কিন্তু আজকে সময়ের প্রয়োজনে জাতির মুক্তির প্রয়োজনেই মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে এখানে এসে হাজির হয়েছি। আমি একাত্তরের শহীদদের দায় মেটাতে এসেছি।’ ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ওয়ারেছের কণ্ঠেও একই সুর।সোমবার ভোররাতেও শাহবাগে বসে স্লোগান দিচ্ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সৈয়দা মৌ জান্নাত। জীবনে কখনো কোনো বিষয়ে রাস্তায় নেমেছিলেন কি না, জানতে চাইলে তাঁর উত্তর, ‘না। আগে কখনো নামিনি। এবারই প্রথম।’ জান্নাত তাঁর সব বন্ধুবান্ধবকেও শাহবাগে আসার আমন্ত্রণ জানাচ্ছেন। ২১ বছরের যুবক দীব্যজ্যোতি দত্তও শুরু থেকে আছেন এই আন্দোলনে। এই রাজধানীর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা তাঁর। কিন্তু কখনো কোনো দিন আন্দোলন করেননি। তাহলে আজকে কেন রাস্তায় নামলেন, জানতে চাইলে তাঁর জবাব, ‘রক্তের মধ্যেই আমাদের দেশপ্রেম হয়তো লুকিয়ে ছিল। আজ সেই রক্তের টানেই আন্দোলনে।’সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিদিনই আসছেন এই আন্দোলনে। বিবিএর ছাত্র শাহাদাত হোসেন জানান, তাঁর জীবনের প্রথম আন্দোলন এটি। এখানে এসে তাঁর খুব ভালো লাগছে। কারণ, তাঁর বয়সেই অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে শহীদ হয়েছেন।কেবল কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও তাদের নির্ধারিত পোশাক পরেই প্রতিদিন শাহবাগ মাতাচ্ছে। ঢাকা কলেজ, নটর ডেম কলেজ, হলিক্রস, ভিকারুননিসা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, সিটি কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা দল বেঁধে আসছে শাহবাগে। চিৎকার করে তারা প্রতিদিন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিচ্ছে। গানে গানে সুরে সুরে বলছে ‘তুই রাজাকার’।সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা অ্যাপ্রন পরেই প্রতিদিন আসছেন এখানে। মঙ্গলবার সেখানকার একদল শিক্ষার্থী প্রজন্ম চত্বরের পাশে বসে ছিলেন। সেখানে রাজাকারদের নিয়ে তৈরি নতুন বর্ণমালার ক্লাস নিচ্ছিলেন ঝর্ণা। আর তাঁর স্লোগানের জবাবে সমস্বরে বাকিরা ‘তুুই রাজাকার’ বলে জবাব দিচ্ছিলেন।‘রক্তের-৭১ এখন প্রজন্ম চত্বর’ এমন একটি স্লোগান লিখে কয়েক দিন ধরেই জাদুঘরের সামনে বসছেন ইউডা-ইউল্যাবের একদল শিক্ষার্থী। সরকারি বিজ্ঞান কলেজের ২০০ থেকে ৩০০ ছাত্র এক সারিতে সাদা শার্ট পরে কয়েক দিন ধরে আসছে শাহবাগে। ফখরুল, অভি, মমিনসহ আরও অনেকেই জানাল, ক্লাস শেষ করেই তারা এখানে চলে আসছে।কাকলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সেজুতি, সালমা, লাভলী ও সুমি। কেন এসেছ জানতে চাইলে তারা সমস্বরে জানায়, রাজাকারদের ফাঁসি চাইতে। রাজাকাররা কী করেছে জানতে চাইলে তাদের জবাব, ওরা দুষ্ট, দেশের শত্রু। দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাব্বির জানাল, তার বাবা-মা বলেছে, রাজাকাররা দেশের শত্রু। তাই সে শত্রুদের বিরুদ্ধে এখানে এসেছে।নূর মোহাম্মদ রাইফেলস কলেজ, মুন্সী আব্দুর রব রাইফেলস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বি এম শাহীন কলেজ, ইস্কাটন গার্ডেন গার্লস হাইস্কুল, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ, প্রভাতি বিদ্যানিকেতন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজসহ রাজধানী এমনকি ঢাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আসছে এই আন্দোলনে।