তিস্তার পানি বণ্টন চুক্তি হবে না—এটা নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের আগের দিনই। এর জের ধরে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট নিয়ে প্রস্তাবিত সম্মতিপত্র সই করতে রাজি হলো না বাংলাদেশ। সই না হওয়ার মিছিলে শেষমেশ আটকে গেল প্রস্তাবিত ফেনী নদীর পানি বণ্টন চুক্তিও। আর সই হবে না, হবে না করেও অনেক নাটকের পর সই হলো ’৭৪-এর সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল। এর বাস্তবায়ন খুব শিগগির না হলেও তিনবিঘা করিডর অবারিত থাকবে ২৪ ঘণ্টার জন্য।ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গতকালের সফর ঘিরে দেখা প্রত্যাশার সব আলো ম্লান হয়ে গেল হতাশায় কালো ছায়ায়; সেটা দুই দেশের জন্যই। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত শেষ মুহূর্তে তিস্তার পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় অনেকগুলো অমীমাংসিত সমস্যা সমাধানের সম্ভাবনা আপাতত তিরোহিত হলো। দুই প্রতিবেশী দেশের শীর্ষ বৈঠকটি হয়ে পড়ল কার্যত গুরুত্বহীন।বাংলাদেশ ও ভারত—দুই পক্ষ থেকেই দাবি করা হচ্ছিল, গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর দুই প্রতিবেশীর সম্পর্কে অগ্রযাত্রা শুরু হয়েছিল। বিশেষ করে, সীমান্ত সন্ত্রাস এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশ যে সহায়তা করেছে, তাতে ভারত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বলে জানিয়েছে। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে নিজ বাসভবনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, ‘আমাদের (ভারত) নিরাপত্তাসংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা বাংলাদেশের জনগণের কাছে আমাদের দায়। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বাংলাদেশের জনগণের যদি কোনো ক্ষোভ বা অভিযোগ থেকে থাকে, তা হলে আমাদের অবশ্যকর্তব্য হচ্ছে অমীমাংসিত সমস্ত বিষয়ের সুরাহা করতে একত্রে কাজ করা।’ কিন্তু গতকালের বহুল প্রত্যাশিত সফরে এসে সে দায় আর মেটাতে পারলেন না মনমোহন।আশা ছিল, মনমোহনের এই সফর দুই দেশের সম্পর্কে আরও উত্তরণ ঘটাবে। অমীমাংসিত অনেক সমস্যা সমাধানের পাশাপাশি দুই দেশ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করবে। সংগত কারণেই বাংলাদেশের পক্ষ থেকে আশা ছিল, সই হবে অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন চুক্তি; শুরু হবে ’৭৪-এর ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তির বাস্তবায়ন। আর ভারত চেয়েছিল, এ সফরেই আদায় করে নেবে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ট্রানজিট পাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, গত রোববার মমতা ব্যানার্জি হঠাৎ করে ঢাকা সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত তিস্তার অন্তর্বর্তী চুক্তির খসড়ায় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে, বেশি পানি দেওয়া হচ্ছে বাংলাদেশকে—এই অভিযোগ এনে মনমোহনের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসবেন না বলে সাফ জানিয়ে দেন মমতা। অবশ্য কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার দফায় দফায় চেষ্টা করে মমতার মান ভাঙানোর। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গোঁর কাছে শেষ পর্যন্ত হার মানে কেন্দ্রীয় সরকার। ভারতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, চুক্তির সঙ্গে সম্পৃক্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও বাংলাদেশের সম্মতি ছাড়া কোনো পানি বণ্টন চুক্তি সই হবে না।মমতা ব্যানার্জির দাবি, কেন্দ্রীয় সরকার তাঁকে প্রতিশ্রুতি দেয়, পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি হবে না। পশ্চিমবঙ্গ চায়, তিস্তার ৭৫ ভাগ পানি পাবে তারা। বাকি ২৫ ভাগ দেওয়া হবে বাংলাদেশকে। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার যে খসড়া চুক্তি করে, তাতে বাংলাদেশকে ৪৮ ভাগ দেওয়ার কথা বলা হয়েছে। আর এটি গোপন করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মমতা এমনও বলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন বাংলাদেশের সঙ্গে আপাতত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই করে পরে তা সংশোধনের প্রস্তাব দেন। কিন্তু এতে সায় ছিল না মমতার। ফলে বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সব আলোচনা ভেস্তে যায় বলে আপাতত মনে হচ্ছে। আর তার ছায়ায় পড়ে কার্যত নিষ্প্রভ হয়ে গেল মনমোহনের ‘ঐতিহাসিক’ বাংলাদেশ সফর।লুকোচুরি: তিস্তা চুক্তি সই হবে না—ভারতের পক্ষ থেকে সে দেশের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই গত সোমবার দুপুরে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানোর পরও বাংলাদেশ সরকার দাবি করে, চুক্তিটি সই হবে। এমনকি গত সোমবার রাতেও গণভবনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বেশ জোর দিয়েই সাংবাদিকদের বলেন, ‘মনমোহনের সফরে তিস্তা চুক্তি সই হবে। ভারত চুক্তি সই করবে না, এমনটা আমাদের জানায়নি। ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি ভালো চুক্তিই হবে।’দেরিতে হলেও তলব: তিস্তার চুক্তি হবে, এমনটা দাবি করলেও আত্মবিশ্বাসে চিড় ধরে বাংলাদেশ সরকারের। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় কর্মরত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারকে বিষয়টি জানতে তলব করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রজিত মিত্তার তাঁর সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এ চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্টতা আছে। কিন্তু চুক্তি নিয়ে অসন্তোষ রয়েছে রাজ্যটির। এমন অবস্থায় ভারত সরকার শেষ মুহূর্তে চুক্তি সই বাতিল করছে। এ জন্য তাঁরা দুঃখিত।’তবে রজিত মিত্তারের এ ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি পররাষ্ট্রসচিব। মিজারুল কায়েস বলেন, ‘ভারত সরকার দুঃখিত হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে এভাবে চুক্তি সইয়ের সিদ্ধান্ত বাতিলে বাংলাদেশ সন্তুষ্ট নয়।’পাল্টা পদক্ষেপ, ট্রানজিট সম্মতিপত্র সই বাতিল: অভিন্ন নদীটির পানি চুক্তিটি হচ্ছে না—এমনটা জানতে পেরে বেঁকে বসে বাংলাদেশ। পাল্টা জবাব দিতে, ভারতকে ট্রানজিট দিতে সম্মতিপত্র সই না করার সিদ্ধান্ত নেয় সরকার। কারণ, এই ট্রানজিট দেওয়া নিয়ে দেশে রাজনৈতিক বিরোধিতার মুখে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।জানতে চাইলে গতকাল মঙ্গলবার বাংলাদেশের পক্ষে উপস্থিত সরকারের দায়িত্বশীল এক প্রতিনিধি বলেন, ‘ভারত যখন তিস্তা চুক্তি সই করল না, তখন আমরাও ভেবেছি, আপত্তি এলে সম্মতিপত্র সই হবে না। ট্রানজিটের সম্মতিপত্রে কারিগরি ত্রুটির কথা জানায় ভারত। আর বাংলাদেশ তখন এ সফরে সেটি সই না করার সিদ্ধান্ত নেয়।’সম্মতিপত্রটি তৈরির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ট্রানজিট মাশুল নিয়ে বাংলাদেশের জোরালো অবস্থান থাকায় ভারত সম্মতিপত্রটিতে পরিবর্তন আনতে চেয়েছে। কিন্তু এতে সায় দেয়নি বাংলাদেশ।শীর্ষ বৈঠককে ছাড়িয়েছে একান্ত আলাপ: গতকাল শীর্ষ বৈঠকে বসার আগে হাসিনা-মনমোহন একান্তে আলোচনা করেন। নির্ধারিত সূচিতে দুই প্রধানমন্ত্রীর আধা ঘণ্টা একান্তে বৈঠকের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একান্তে কথা বলেন ৫০ মিনিট। আর শীর্ষ বৈঠকটির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এক ঘণ্টা ২০ মিনিট। কিন্তু অপেক্ষমাণ সাংবাদিকদের অবাক করে দিয়ে মাত্র ৩০ মিনিটেই শেষ হয় দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠকটি। এরপর আবার দুই শীর্ষ নেতা আলোচনায় বসেন। প্রথম দফা একান্ত বৈঠকের মতো দীর্ঘ না হলেও তাঁরা দুজন আবার প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। সীমান্ত প্রটোকল নিয়ে নাটকীয়তা: শীর্ষ বৈঠক শেষে এ প্রতিবেদককে বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন, ’৭৪-এর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল সই হচ্ছে না। তাঁরা বলেন, ভারত শুধু অপদখলীয় জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিলেও ছিটমহল বিনিময়ের কোনো সময়সীমা নির্ধারণ করতে চায়নি। আগামী বছরের মার্চে অপদখলীয় জমি বিনিময়ের প্রস্তাব দেয় ভারত। কিন্তু বাংলাদেশ যুক্তি দেখায়, অপদখলীয় জমির পাশাপাশি ছিটমহল বিনিময়েরও সময়সীমা বেঁধে দিতে হবে, তা না হলে এখনই প্রটোকল সই নয়। এমন বিপরীত অবস্থানের কারণে প্রটোকলটি সইয়ের তালিকা থেকে বাদ পড়ে। কিন্তু শীর্ষ বৈঠক শেষে দুই নেতার একান্ত বৈঠকের ফাঁকে নির্দেশনা আসে, বাংলাদেশের মত মেনে নিয়েছে ভারত। তাই এটিও সই হবে। পরে শেষ মুহূর্তে হাতে লিখে প্রটোকলে সংশোধনী আনা হয়। সংশোধনীতে বলা হয়েছে, একসঙ্গেই হবে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়। এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী সই করেন প্রটোকলটি।