দায় সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার উদ্যোগ নিয়েও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে পারল না নির্বাচন কমিশন (ইসি)। সরকারের আপত্তি এবং ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত জটিলতা এই ব্যর্থতার কারণ।আইন অনুযায়ী, ওয়ার্ডের সীমানা বিন্যাসের কর্তৃপক্ষ স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু কমিশন থেকে একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও মন্ত্রণালয় সীমানা বিন্যাসের কাজ করেনি। এমনকি কমিশনের এ-সংক্রান্ত চিঠির উত্তরও দেয়নি মন্ত্রণালয়। ফলে নির্বাচন না হওয়ার দায় সরকারের বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ বিষয়ে জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েক দফায় ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সরকারের সহযোগিতা পাইনি। ওয়ার্ডের সীমানা বিন্যাস করে দেওয়ার জন্য একাধিকবার চিঠিও দেওয়া হয়েছিল। মন্ত্রণালয় সেসব চিঠির উত্তরও দেয়নি।’স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, সরকার প্রতি আদমশুমারি শেষে জনসংখ্যার ভিত্তিতে সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা বিন্যাস করবে। কিন্তু ঢাকা সিটি করপোরেশনকে সর্বশেষ ৯০ ওয়ার্ডে ভাগ করে সীমানা বিন্যাস হয়েছিল ১৯৯৩ সালে। ১৯৯৮ সালে নতুন করে সীমানা বিন্যাস করে পুনর্নির্ধারণ করে ওয়ার্ডের সংখ্যা ১০০-তে উন্নীত করা হলেও একাধিক মামলার কারণে তা বাতিল হয়ে যায়। যে কারণে পুরোনো সীমানায় ২০০২ সালের ২৫ এপ্রিল ডিসিসি নির্বাচন হয়। ডিসিসির মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে।এবার নতুন নিযুক্ত সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করেও নির্বাচন করতে পারল না। হাইকোর্ট নির্বাচনের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন।সিইসি কাজী রকিবউদ্দীন এ বিষয়ে বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেখতে হবে রায়ে কী বলা আছে, আর আইনে কী আছে।সীমানা বিন্যাস না হওয়ার দায় কার? এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আপনারা আইন পড়ে বুঝে নেন, দায়টা কার।’আসলে দায় কার? এ প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, এ দায় সরকারের। সরকারের উচিত ছিল আইন করার পরপরই সীমানা বিন্যাস করে দেওয়া।এতদিন কেন নির্বাচন হয়নি: শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ডিসিসি নির্বাচন করার উদ্যোগ নিলেও তখন রাজনৈতিক দলগুলো আপত্তি জানায়। দলগুলো সংসদ নির্বাচনের আগে ডিসিসি নির্বাচন না করার পরামর্শ দেয়। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর তারা তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধ্যাদেশ আকারে প্রণীত সিটি করপোরেশন আইনটি সংসদে পাস করেনি। তারা বরং ১৯৯৮ সালের সিটি করপোরেশন আইন পুনঃপ্রচলন করে। যে কারণে বছরের শুরুতে কমিশন ডিসিসি নির্বাচন করতে পারেনি।২০১০ সালে কমিশন নতুন করে ডিসিসি নির্বাচনের প্রস্তুতি শুরু করলে ১৫ ফেব্রুয়ারি ওয়ার্ডের সীমানা বিন্যাসের দাবি জানিয়ে হাইকোর্টে একাধিক রিট হয়। আদালত ২০১০-এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তফসিল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেন। পরে অবশ্য আদালত সব কটি রিট আবেদন খারিজও করে দেন।এরপর ২০১০ সালের ৬ এপ্রিল কমিশন আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার বিভাগকে জানায়, ৩১ মে ডিসিসি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি। ১৫ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা কমিশন সচিবালয়ে গিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সিইসি শামসুল হুদা বলেন, ‘ঢাকায় কুফা লেগে গেছে। নির্বাচন হবে না। আমরা ডিসেম্বরে নির্বাচনের চেষ্টা করব। তবে ওয়ার্ডের সীমানা বিন্যাস করেই ডিসিসি নির্বাচন করা হবে।’ তখন সিইসি আরও বলেন, ‘সিটি করপোরেশন আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ শেষ না করে নির্বাচনে গেলে আইনি জটিলতা বাড়বে।’কমিশন সচিবালয় সূত্র জানায়, সে সময় কমিশন থেকে ওয়ার্ডের সীমানা বিন্যাসের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য কমিশন নিজ উদ্যোগে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের (জিআইএস) মাধ্যমে ওয়ার্ডের সীমানা বিন্যাসের কাজ শুরু করে। কিন্তু মাঝপথে মন্ত্রণালয় চিঠি দিয়ে আপত্তি জানিয়ে বলে, কাজটি কমিশনের নয়, মন্ত্রণালয়ের। যে কারণে কমিশন সীমানা বিন্যাসের খসড়া তৈরির কাজটি বন্ধ করে দেয়। এ অবস্থায় কমিশন আবারও ওয়ার্ডের সীমানা বিন্যাস করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি লেখে। কমিশন থেকে এ বিষয়ে সর্বশেষ চিঠিটি দেওয়া হয় ২০১০ সালের শেষের দিকে।শেষ দফায় ২০১০ সালের ১২ ডিসেম্বর নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কমিশন। তফসিল ঘোষণার আগ মুহূর্তে বিষয়টি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়কে জানানোর পর ১৩ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কমিশনে গিয়ে হাজির হন। তাঁর সঙ্গে বৈঠকের পর কমিশন নির্বাচনের পথ থেকে সরে দাঁড়ায়।২০১১ সালে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে নির্বাচন কমিশন। সবশেষে ওই বছরের ২৯ নভেম্বর সরকার ঢাকা সিটিকে দুই ভাগ করে আইন পাস করে। ১ ডিসেম্বর এ আইন গেজেট আকারে প্রকাশ পায়। এতে বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে হবে। সে অনুযায়ী মন্ত্রণালয় নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দেয়। কিন্তু শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিদায়বেলায় নির্বাচন করতে অস্বীকৃতি জানায়। যে কারণে সরকার নতুন করে আইন সংশোধন করে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলে। সে অনুযায়ী ২৯ মের মধ্যে নির্বাচন করার কথা।সরকারের বক্তব্য: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রথম আলোকে বলেন, ওয়ার্ডের সীমানা বিন্যাস করা হলেও মামলা হতো। সে ক্ষেত্রেও ১০ বছরের জন্য নির্বাচন-প্রক্রিয়া ঝুলে যেত। অতীতে তা-ই হয়েছে। সে জন্যই সীমানা বিন্যাস করা হয়নি। এখন রায়ের কপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।