নরওয়ের রাজধানী অসলোতে বোমা হামলা এবং উটোয়া দ্বীপে নির্বিচার গুলি চালিয়ে প্রায় ১০০ মানুষকে হত্যার দায় স্বীকার করেছেন অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক। তিনি বলেছেন, ‘নির্মম হলেও এটার প্রয়োজন ছিল।’গত শুক্রবারের ওই জোড়া হামলার ঘটনার পর নরওয়েজুড়ে এখন শোকের ছায়া। গতকাল রোববার অসলোর প্রধান গির্জায় এক শোকসভায় যোগ দেন রাজা হেরাল্ড ভি, রানি সোনজা এবং প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ।শোকসভায় অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেন, ‘হামলার পর দুই দিন পেরিয়ে গেছে। আমাদের মনে হচ্ছে, সকাল-সন্ধ্যা-রাত দিনের প্রতিটি ক্ষণ শোক, উদ্বেগ আর কান্নায় ভরে গেছে। আমাদের সবার জন্য এ এক মহা ট্র্যাজেডি।’গতকাল এক সংবাদ সম্মেলনে দেশের পুলিশপ্রধান সেভিনাং সোনহেইম জানান, বোমা হামলা এবং গুলিবর্ষণ উভয় ঘটনার দায় স্বীকার করেছেন ব্রেইভিক। তবে এ মাধ্যমে কোনো অপরাধ করেছেন বলে তিনি স্বীকার করেন না।পুলিশপ্রধান বলেন, ‘ব্রেইভিক বলছেন, তিনি একাই দুটি ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে। উটোয়া দ্বীপের অনেক প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে আমাদের মনে সন্দেহ দেখা দিয়েছে, বন্দুকধারী একজন ছিলেন, নাকি একাধিক।’জিজ্ঞাসাবাদে ব্রেইভিক সহযোগিতা করছেন এবং বেশ খোলামেলা কথাও বলছেন। উভয় ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশপ্রধান।অসলোতে বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রীর দপ্তরসহ কয়েকটি মন্ত্রণালয় ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত এবং সাতজন নিহত হন। আর উটোয়া দ্বীপে গুলিতে নিহত হন ৮৫ জন। এ ছাড়া আরও চারজন নিখোঁজ আছেন। গুলিবিদ্ধ অবস্থায় পানিতে ঝাঁপিয়ে পড়ার পর ডুবে তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ আশঙ্কা করছে।গুলি ছুড়তে শুরু করার প্রায় দেড় ঘণ্টা পর ব্রেইভিককে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁর আইনজীবী গিয়ের লিপস্টেড গতকাল জানিয়েছেন, গুলি ফুরিয়ে যাওয়ার পর আত্মসমর্পণ করেন তাঁর মক্কেল।লিপস্টেড বলেন, ‘যে ঘটনা ঘটিয়েছেন তা বর্বরোচিত বলেই মনে করেন ব্রেইভিক। তবে একই সঙ্গে তিনি মনে করেন, এটা প্রয়োজন ছিল। তিনি চান সমাজে একটি পরিবর্তন আনতে। আর এ জন্য একটি বিপ্লব প্রয়োজন। তিনি সমাজ এবং সমাজ কাঠামোয় আঘাত হানতে চেয়েছিলেন। এ জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেন তিনি।’আইনজীবী লিপস্টেড আরও বলেন, ‘তাঁর মক্কেল ব্রেইভিক উটোয়া গিয়েছিলেন ক্ষমতাসীন লেবার পার্টিকে এই সতর্ক বার্তা দিতে যে, দলটি যদি তাদের নীতি পরিবর্তন না করে, তাহলে অচিরেই ভয়ংকর দিন আসবে।’ রাতভর প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় তিনি শান্ত ও ধীরস্থির ছিলেন বলে জানান আইনজীবী।ফেসবুক, টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্টে ব্রেইভিক নিজেকে একজন রক্ষণশীল খ্রিষ্টান হিসেবেই পরিচয় দিয়েছেন। ফেসবুকে নিজের পছন্দের জায়গায় ব্রেইভিক লিখেছেন, শিকার করা এবং ‘ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট ও মডার্ন ওয়ারফেয়ার টু’-এর মতো কম্পিউটার গেমসের কথা। এসব অ্যাকাউন্ট এবং ব্লগে ব্রেইভিকের ওয়েব পোস্টিং এবং লেখালেখি বিশ্লেষণ করে তাঁর সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। সব ঘেঁটেঘুঁটে পুলিশ মনে করছে, ব্রেইভিক একজন ডানপন্থী ধর্মীয় উগ্রবাদী এবং সাংস্কৃতিক মার্ক্সবাদীদের ঘৃণা করেন।ফেসবুক অ্যাকাউন্টে ব্রেইভিক বলেছেন, তিনি ভিয়েনা স্কুল অব থটের অনুসারী এবং নেদারল্যান্ডের রাজনীতিবিদ গ্রিট ভিল্ডার্সের ভক্ত। ভিয়েনা স্কুল অব থট বহু সংস্কৃতিবাদ ও ইসলাম সম্প্রসারণের বিরোধী এবং ভিল্ডার্সও ইসলামবিদ্বেষী।হামলার কয়েক ঘণ্টা আগে অ্যান্ড্রু ব্রেইভিক নামে অনলাইনে দেড় হাজার পৃষ্ঠার একটি লেখা পোস্ট করেন ব্রেইভিক। এর থেকে ধারণা করা হয়, তিনি কয়েক বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন।হামলার পর শনিবার ব্রেইভিকের নামে ইউটিউবে ১২ মিনিটের একটি ভিডিও ছাড়া হয়। ‘নাইটস টেম্পলার ২০৮৩’ শিরোনামের ওই ভিডিওতে সংযুক্ত একটি স্থিরচিত্রে তাঁকে স্কুবা ডাইভিংয়ের পোশাক পরা অবস্থায় একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র তাক করে থাকতে দেখা যায়।অনলাইনে দেড় হাজার পৃষ্ঠার ওই লেখা এবং ভিডিওতে বারবার বলা হয়েছে বহু সংস্কৃতিবাদ এবং মুসলিম অভিবাসনের কথা। লেখক দাবি করেন, তিনি নাইটস টেম্পলারের অনুসারী। মধ্যযুগে ধর্মযুদ্ধের সঙ্গে জড়িত ছিল এই খ্রিষ্টান সংগঠনটি। এটিকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের সমর্থক বলেও মাঝেমধ্যে উল্লেখ করা হয়।এ বিষয়ে বিবিসির রিচার্ড গলপিন বলেন, নরওয়েতে একসময় নব্য-না ৎ সিবাদী গ্রুপের ত ৎ পরতা ছিল। তবে সেসব গ্রুপ এখন আর সক্রিয় নেই বললেই চলে এবং তাদের কোনো গুরুতর হুমকি বলেও মনে করা হয় না।ব্রেইভিকের দেড় হাজার পৃষ্ঠার ওই লেখা আংশিক দিনপঞ্জি, আংশিক বোমা তৈরির কলাকৌশলবিষয়ক খসড়া। রাজনৈতিক বুলিও আছে যথেষ্ট, যেখানে তিনি তাঁর ইসলামভীতি নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া কৃষি খামার তৈরির কারণও ব্যাখ্যা করেছেন তিনি।অসলো স্কুল অব ম্যানেজমেন্টে পড়াশোনা করা ব্রেইভিকের একটি সবজি খামার আছে রাজধানী থেকে দূরে গ্রাম্য এলাকায়। মাস দুয়েক আগে কিছু জায়গা বন্দোবস্ত নিয়ে তিনি খামারটি করেন। বিস্ফোরণের পর পুুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, খামারের জন্য তিনি কয়েক সপ্তাহ আগে ছয় টন কৃত্রিম সার কেনেন। বিস্ফোরক তৈরির জন্য সম্ভবত ওই সার ব্যবহার করেছেন তিনি। গতকাল পুলিশ ওই খামারে তল্লাশি চালিয়েছে।ব্রেইভিক তাঁর লেখায়ও সেই কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘সার কেনার আড়ালে বিস্ফোরক ও বিস্ফোরক দ্রব্য মজুদ করার অভিযোগে পুলিশ যাতে আমাকে গ্রেপ্তার না করে, সে জন্য ওই খামার তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম।’অনলাইনে ব্রেইভিক আরও লিখেছেন, ‘মারতে হলে যত বেশি সম্ভব তত মারা উচিত, তা না হলে আপনার উদ্দেশ্য পূরণ হবে না। কারণ, তাতে হামলার আদর্শগত প্রভাব কমে যাওয়ার ঝুঁকি থাকবে।’নরওয়ের ডানপন্থী প্রগ্রেস পার্টির প্রধান নিশ্চিত করেছেন, ব্রেইভিক ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর দলের সদস্য ছিলেন। কয়েক বছর ধরে তিনি যুব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।এ ছাড়া ব্রেইভিক সুইডেনের নব্য-না ৎ সিবাদীদের ইন্টারনেট ফোরাম নরডিস্কেরও সদস্য ছিলেন। এএফপি, রয়টার্স, বিবিসি ও ডেইলি মেইল।