বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার না হওয়া ছিল জাতির ওপর চেপে বসা এক জগদ্দল পাথর। সেই বিচার-প্রক্রিয়া এখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। বিলম্বে হলেও বঙ্গবন্ধু হত্যামামলায় সুপ্রিম কোর্টের রায়ে জাতি গ্লানিমুক্ত হয়েছে। অ্যাটর্নি-জেনারেল মাহ্বুবে আলম এবং বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক উভয়ে রায় পড়ছেন। জানতে চাইলে বর্ষশেষে তাঁরা তাত্ক্ষণিক দুটো বিষয় বললেন। অ্যাটর্নি-জেনারেল প্রথমত, আশা করেছিলেন যে এ রায়ে বাংলাদেশের যেসব সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া স্তব্ধ করে রেখেছিল, তাদের কঠোরভাবে ভর্ত্সনা করা হবে। কিন্তু যে মাত্রায় তা তিনি আশা করেছিলেন, সেভাবে ঘটেনি। দ্বিতীয়ত, তত্কালীন প্রধান বিচারপতি আবু সা’দত মোহাম্মদ সায়েমের ভূমিকার একটা সরাসরি নিন্দাধ্বনি থাকবে বলেও তিনি আশা করেছিলেন। তাই আপাতত অ্যাটর্নি-জেনারেলের প্রতিক্রিয়া হলো, রায়ে রাজনৈতিক দিকগুলোর প্রতিফলন যতটা আশা করেছিলাম, ততটা প্রগাঢ় হয়নি। আনিসুল হক অবশ্য মনে করেন যে এ রায়ে আইনি দিকগুলো বিশদভাবে এসেছে। রাজনৈতিক বিষয় যা এসেছে, তাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও বিচারবিভাগীয় সংস্কৃতির ওপর তার প্রভাব খুবই ইতিবাচক হবে। সুপ্রিম কোর্টের বিচারকদের যে সিএমএলএ (প্রধান সামরিক আইন প্রশাসক) হওয়া গর্হিত, সে কথা রায়ে এসেছে। আনিসুল হক আশা করেন যে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউসহ পুরো বিষয়টি একটি পূর্ণতা পেতে আর বেশি বিলম্ব হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যেই এটা শেষ হবে। সুপ্রিম কোর্টের রায়ে রাজনৈতিক দিকগুলোর প্রতিফলন একটি বিরাট বিষয়। তবে সার্বিক বিচারে এ রায় যে সঠিক পথে একটি পরিণতির দিকে এগিয়ে যেতে পারছে, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য সুদূরপ্রসারী তাত্পর্য বয়ে আনবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো সাদামাটা রাজনৈতিক খুন-খারাবির বিষয় ছিল না। কিন্তু আমাদের রাষ্ট্র ও আদালত-ব্যবস্থা পঁচাত্তরের পনেরো আগস্টের হত্যাকাণ্ডকে গোড়া থেকেই একটি খুনের বিচার হিসেবে দেখতেই উদ্যোগী হয়। এবং সেটাও ঝুঁকিমুক্ত ছিল না। পদে পদে এ বিচার-প্রক্রিয়া নস্যাতের রাজনৈতিক চেষ্টা চলেছে। তবে আজ যেটা বিশেষভাবে লক্ষণীয় তা হলো, খুনি চক্রের জন্য প্রধান বিরোধী দলের জন্য সহানুভূতি থাকলেও তা তারা প্রকাশ করতে অপারগ কিংবা নীরবতা পালনকেই শ্রেয় মনে করছে। খুনি চক্র রাজনৈতিক দল গঠন করেছিল। পত্রিকা খুলেছিল। জেনারেল এরশাদ প্রধানত খুনি চক্রকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে তাঁদের পার্লামেন্টে এনেছিলেন। সামনের আসনে বসতে দিয়েছিলেন। তাঁরা জন্মদিন পালনের মতো উত্সবে শামিল হয়েছিলেন। অবশ্য কখনো মনে হয়, কতিপয় লোকের জন্য ১৫ আগস্ট তো সত্যিই জন্মদিন। এদিন বাস্তবে তাঁদের পুনর্জন্ম ঘটেছিল। এদিনটিতে অন্তত দালিলিকভাবে আমরা প্রমাণ পাই যে বঙ্গবন্ধুর রক্তে নেয়ে ‘ইসলামি প্রজাতন্ত্র বাংলাদেশ’-এর জন্ম হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এ নতুন নামে ডেকে মোশতাককে শুভেচ্ছাবার্তা ও উপঢৌকন প্রেরণ করেছিলেন। সুতরাং কতিপয় লোক পনেরো আগস্টে জন্মদিনের উত্সবে মেতে উঠলে সম্ভবত খুব বিস্ময়ের কিছু নেই। ওই রাজনৈতিক শক্তি অন্ধকারের শক্তি। কিন্তু অন্ধকারের অবস্থান প্রদীপের নিচেই। তাই আজ আরেকবার সময় এসেছে নির্মোহভাবে এটা ভাবার যে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনোই তার গণতান্ত্রিক গঠন সম্পূর্ণ করেনি। কোনো পর্বেই এটা যে হয়নি, সেটা আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় সবচেয়ে কম উচ্চারিত নিনাদ। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কোনো সত্ ও স্বচ্ছ চেষ্টার কোনো নজির আমাদের ইতিহাসে নেই। শুরুটা ভালোই, তাই বলে বড় গর্বের নয়। ‘সূর্যসন্তান’দের পৃষ্ঠপোষক বিরোধী দলের অহেতুক গর্জনবিহীন এবারের অর্জন যেন দলীয়করণের যূপকাষ্ঠে বলি না হয়। বিচার বিভাগ, সংসদ ও স্থানীয় শাসনের মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নবতর অর্জনশক্তিতে বলীয়ান হয়ে বিনির্মাণ করা হোক। তবে এখনো তেমন লক্ষণ দেখি না। সেটা চিন্তার বিষয়। তাই কায়মনোবাক্যে প্রার্থনা করি, কারও খেয়ালের বশে এত বড় অর্জনের যেন বিসর্জন না ঘটে।