দায়রা জজ আদালতেও জামিন হয়নি ৩৩ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতার জামিন আবেদন মহানগর দায়রা জজ আদালতও নাকচ করে দিয়েছেন।গতকাল বুধবার সকালে আসামিদের অনুপস্থিতিতে ৩৩ নেতার পক্ষে ১৬টি আবেদনের ওপর শুনানি করেন দুই পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আবেদন নাকচ করে আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক। ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠান। পরদিন ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে পৃথক ১৬টি আবেদনের মাধ্যমে ৩৩ নেতার পক্ষে জামিনের আবেদন করা হয়।গতকাল শুনানিতে আসামিপক্ষে প্রবীণ আইনজীবী রফিক-উল হক আদালতকে বলেন, মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজনৈতিক কারণে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে। এই আসামির পক্ষে গাড়িতে আগুন দেওয়া সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। একটি দলের ভারপ্রাপ্ত মহাসিচব। ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় আদালত জামিন দিতে পারেন। এ বিষয়ে উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে। রফিক-উল হক আরও বলেন, রাজপথে মিছিল হয়েছে, কিন্তু কোন আসামি কোথায় কীভাবে গাড়িতে আগুন দিয়েছেন—এমন কোনো তথ্য রাষ্ট্রপক্ষের কাছে নেই। রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে না হলে এই মামলার আসামিরা সহজেই জামিন পেতেন। অধিকাংশ আসামিই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনেকেই আছেন জাতীয় সংসদ সদস্য। মন্ত্রিপরিষদের সাবেক সচিবও আছেন। আসামিপক্ষের অন্য আইনজীবীরা আদালতকে বলেন, এটি রাজনৈতিক মামলা। আদালত ন্যায়বিচারের প্রতীক। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে সমাজে শান্তি বিঘ্নিত হবে। আদালতের উচিত যাতে অশান্তি সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখা। আসামিদের অনেকেই ঘটনার দিন ঢাকায় ছিলেন না, অথচ তাঁদেরও এ মামলায় জড়ানো হয়েছে। তাঁরা সবার জামিন প্রার্থনা করেন।আসামিপক্ষে শুনানিতে আরও অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, মোসলে উদ্দিন প্রমুখ। মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, একটি দল হরতালের নামে সরকারি সম্পদ ধ্বংস করেছে। অনেকেই ঢাকায় না থেকেও মুঠোফোনের মাধ্যমে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের নির্দেশ দিয়ে জনমনে ভীতি ও ত্রাসের সৃষ্টি করে।এ সময় বিচারক বলেন, এ বিষয়ে কি প্রমাণ আছে? জবাবে পিপি বলেন, মুঠোফোনে আসামিদের কথোপকথনের রেকর্ড আছে। পুলিশ ঘটনার তদন্ত করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযোগপত্র দিয়েছে। এ সময় আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, অভিযোগপত্রে এসব তথ্য আছে, নাকি জামিনের বিরোধিতার কারণেই এসব কথা বলছেন। কারণ, যাঁদের এ মামলায় আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকই আছেন সাংসদ এবং সাবেক মন্ত্রী ও সাবেক কেবিনেট সচিব। জবাবে পিপি আবদুল্লাহ আবু বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া জবানবন্দি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিইে এসব ব্যক্তির বিরুদ্ধে পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছে। অভিযোগপত্রে অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট করেই বলা হয়েছে। ২১ মে হাকিম আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন। তা ছাড়া আসামিদের হাইকোর্ট থেকেও জামিন দেওয়া হয়নি। তাই জামিনের সুযোগ নেই। এ পর্যায়ে বিচারক আসামিপক্ষের আর কোনো বক্তব্য আছে কি না, জানতে চাইলে মওদুদ আহমদ আদালতকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ বললেই হবে না। আমরা অভিযোগপত্র দেখার সুযোগ পাইনি। ধরে নিলাম সব ঠিক আছে। কিন্তু আদালত আসামিদের জামিন দিতে পারেন। মামলা প্রমাণ হলে সাজা হবে। তখন জেলে যাবে। আসামিরা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই জামিনে মুক্তি দিতে পারেন।’ রাষ্ট্রপক্ষের পিপি আবদুল্লাহ আবুকে শুনানিতে সাহায্য করেন ফকির দেলোয়ার হোসেন, শাহ আলম তালুকদার, আবদুস সাত্তার, এ এফ এম রেজাউল করিম, আলী আসগর, এ এফ এম রেজাউর রহমান, তাপস কুমার পাল, কবির হোসাইন প্রমুখ।সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বেলা ১১টা পাঁচ মিনিট পর্যন্ত শুনানি হয়। এরপর বিচারক জহুরুল হক উভয় পক্ষের আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যদি বিদ্যুৎ-বিভ্রাট না ঘটে, তবে এক ঘণ্টা পর লিখিত আদেশ দেব।’ বেলা পৌনে দুইটার দিকে তিনি আদেশ দেন। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীরা পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেন। তবে আদালত ভাঙচুরের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়াসহ বিএনপি-সমর্থিত ২৯ আইনজীবীকে জামিন শুনানিকালে গতকাল আদালতে দেখা যায়নি।