সোনালী ব্যাংকের রূপসী বাংলা (শেরাটন হোটেল) শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসানকে দ্রুত সংশ্লিষ্ট শাখার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এই দুজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।স্বল্প পরিচিত হলমার্ক গ্রুপ কারসাজি করে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে দুই হাজার কোটি টাকার ঋণ বের করে নেয়। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। হলমার্ক গ্রুপ সুতা কিনতে আনোয়ারা স্পিনিং মিলস, ম্যাক্স স্পিনিং মিলস ও স্টার স্পিনিং মিলসের অনুকূলে প্রায় ৫০০ কোটি টাকার স্থানীয় ঋণপত্র খোলে। বিক্রেতা প্রতিষ্ঠান তিনটিও একই শাখার গ্রাহক। একই দিনে এই এলসির অর্থ পরিশোধে নিশ্চয়তা (একসেপটেন্স) দেয় হলমার্ক। তার বিপরীতে তিন প্রতিষ্ঠানের হিসাবে (একসেপটেন্স বিল কিনে নিয়ে) টাকা জমা করে দেয় ব্যাংক। কয়েক দিন পর ওই তিন প্রতিষ্ঠান তাদের হিসাব থেকে এই সব টাকা হলমার্কের হিসাবে জমা করতে বললে ব্যাংক তা করে দেয়। সোনালী ব্যাংককে দেওয়া এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘আনোয়ারা স্পিনিং মিলস, ম্যাক্স স্পিনিং মিলস ও স্টার স্পিনিং মিলস নামীয় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ প্রকৃতপক্ষে হলমার্ক গ্রুপের প্রধান ব্যক্তি মো. তানভীর মাহমুদের বেনামি প্রতিষ্ঠান এবং এদের হিসাবে ঋণের সুবিধাভোগীও তিনি।’কেন্দ্রীয় ব্যাংক ২১ মে চিঠিতে সোনালী ব্যাংককে বলেছে, বাংলাদেশ ব্যাংক আলোচিত রূপসী বাংলা শাখা পরিদর্শন করে ব্যাংকিংয়ের রীতিনীতি ও পেশাদারির প্রতি চরম অবজ্ঞাপূর্ণ পদক্ষেপের প্রমাণ পেয়েছে। চিঠিতে বলা হয়, ‘...প্রধান কার্যালয়ের অনুমতি না নিয়ে, শাখা ব্যবস্থাপক ক্ষমতাবহির্ভূত ও বিধিবহির্ভূতভাবে ঋণ প্রদান করে দায়িত্ব পালনে বিশ্বস্ততা ভঙ্গ করেছেন। বেপরোয়া হারে ঋণ বৃদ্ধি করে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিধিবহির্ভূতভাবে আর্থিক সুবিধা দেওয়ার অন্তরালে কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত বহন করে।’বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল বিকেলে আজিজুর রহমান আধা ঘণ্টা পরে কথা বলবেন বলে জানান। যথাসময়ে তাঁর মুঠোফোনে চেষ্টা করে আর সংযোগ পাওয়া যায়নি। আগের দিন তিনি প্রথম আলোকে বলেছিলেন, তাঁর শাখাতে কিছু অনিয়ম হয়ে থাকতে পারে, সেগুলো সোনালী ব্যাংকের নিরীক্ষা দলের প্রতিবেদন অনুসারে ঠিক করা হবে। বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের কাছে তাদের পরিদর্শনের আলোকে যে নির্দেশনা পাঠিয়েছে তাতে রূপসী বাংলা শাখায় ১৭টি গুরুতর অনিয়ম উদ্ঘাটনের তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, শাখাটিতে এক হাজার ৭৩৫ কোটি ২২ লাখ টাকার ফান্ডেড ঋণ হয়েছে। আর ৯০২ কোটি ৯৯ লাখ টাকার নন-ফান্ডেড দায় রয়েছে, যা যেকোনো সময় ফান্ডেড ঋণে পরিণত হতে পারে। সব মিলে দুই হাজার ৬৩৮ কোটি ২১ লাখ টাকা অতিরিক্ত ঝুঁকির আওতাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই যে এক হাজার ৭৩৫ কোটি টাকার ফান্ডেড ঋণ হয়েছে, তার মধ্যে প্রকল্প ঋণ ছিল মাত্র আট কোটি ৪৯ লাখ টাকা। বাকি সবটাই ছিল নন-ফান্ডেড অর্থাৎ এলসি জাতীয় বা বৈদেশিক লেনদেনসংক্রান্ত অর্থায়ন। এসব অর্থায়ন কোনোভাবেই পুরোপুরি ঋণে পরিণত হওয়ার কথা নয়। এই ঋণের প্রায় পুরোটাই নিয়ে গেছে মূলত দুটি গ্রুপ। এর প্রায় ৯০ ভাগ অর্থ একাই নিয়েছে হলমার্ক, যার পরিমাণ দুই হাজার কোটি টাকার বেশি। আর টি অ্যান্ড ব্রাদার্স নিয়েছে ৪৯১ কোটি ৮৭ লাখ টাকা।সূত্র জানায়, সার্বিকভাবে সোনালী ব্যাংকে তারল্যসংকট দেখা দেওয়ায় শাখাগুলোর প্রতি প্রধান কার্যালয়ের নির্দেশনা ছিল, ঋণ প্রবৃদ্ধি হতে পারবে না অর্থাৎ আগের বছরের চেয়ে বেশি ঋণ বিতরণ করা যাবে না। কিন্তু ব্যাংকের রূপসী বাংলা শাখা এই নির্দেশনাও মানেনি।প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা যায়, ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত রূপসী বাংলা শাখায় বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৭৪ কোটি টাকা। আর গত মার্চ শেষে ঋণ বিতরণ গিয়ে ঠেকেছে এক হাজার ৭৬০ কোটি টাকায়। কিন্তু গত বছর এই শাখার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৯১ কোটি টাকা। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সার্কুলারে নির্দেশনা ছিল, একজন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) একটি গ্রুপ বা প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকার ইনল্যান্ড বিল পারচেজ বা আইবিপি অর্থাৎ একসেপটেন্স বিল কিনতে পারবে। কিন্তু রূপসী বাংলা শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমান এক দিনেই হলমার্ক গ্রুপের দেওয়া ৫০০ কোটি টাকার একসেপটেন্স বিল ক্রয় করেছেন।এক বছরের বেশি সময় ধরে সোনালী ব্যাংক মুদ্রাবাজার থেকে প্রতিদিন গড়ে ৫০০-৭০০ কোটি টাকা ধার করে (কলমানি) চলছে। ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, এ পরিস্থিতিতে শাখাগুলোকে ঋণ বিতরণ বন্ধ রাখতে বলা হয়। কিন্তু রূপসী বাংলা শাখা ঠিকই ঋণ দিয়ে গেছে। এই শাখার নন-ফান্ডেড দায় প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা না দিলে সোনালী ব্যাংকে তারল্যসংকট থাকত না। বরং ব্যাংক ৫০০-৭০০ কোটি টাকা প্রতিদিন কলমানিতে খাটিয়ে আয় করতে পরত। তবে সোনালী ব্যাংকের আরেকটি সূত্র জানান, রূপসী বাংলা শাখার আমানতের পরিমাণ ৫০০ কোটি টাকার মতো। ফলে প্রধান কার্যালয় থেকেই বিপুল পরিমাণ অর্থ জোগান নিয়ে ঋণ সৃষ্টি করেছে এই শাখা।এপ্রিল মাসের মাঝামাঝি সময় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক স্মারকে দেখা যায়, ১২ এপ্রিল পর্যন্ত রূপসী বাংলা শাখায় আইবিপির পরিমাণ হয়েছে এক হাজার ২৫৭ কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় শাখা ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত স্থানীয় কার্যালয়। উল্লিখিত সময়ে এই শাখায় আইবিপি ছিল ৬৯৬ কোটি ৩২ লাখ টাকা। আর ঢাকা শহরে সোনালী ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখার মধ্যে বঙ্গবন্ধু করপোরেট শাখায় এ সময় আইবিপি ছিল ১৭৩ কোটি ৬৫ লাখ টাকা, রমনা করপোরেট শাখায় ৪৭ কোটি ৩৬ লাখ টাকা, দিলকুশা করপোরেট শাখায় প্রায় সাড়ে নয় কোটি টাকা, শিল্প ভবন শাখায় ৯৬ লাখ টাকা ও গুলশান শাখার আইপিবি ছিল প্রায় ১০৯ কোটি টাকা। স্মারকে বলা হয়েছে, রূপসী বাংলা ও গুলশান শাখা ছাড়া অন্যান্য শাখার আইবিপি দায় দুই-তিন বছর ধরে স্থিতিশীল রয়েছে।সোনালী ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে জানা যায়, রূপসী বাংলা শাখায় অনিয়মের তথ্য-উপাত্ত পেয়ে একটি নিজস্ব নিরীক্ষা দল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। যেদিন নিরীক্ষা দল পাঠানোর নোটিশ তৈরি হয়, পরের দিনই অর্থাৎ ২ এপ্রিল ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মাশরুল হুদা সিরাজী ও পরিদর্শন বিভাগের ইন্টারন্যাশনাল ট্রেড সেলের ডিজিএম এ এইচ এন আবু জাফরকে ঢাকার বাইরে বদলি করা হয়। ফলে তখন আর কোনো নিরীক্ষা হয়নি। তবে এখন একটি নিরীক্ষা চলছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।বাংলাদেশ ব্যাংক চিঠিতে সোনালী বাংককে যেসব নির্দেশনা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: সোনালী ব্যাংককে এখন তাদের নিজস্ব নিরীক্ষক দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করে বস্তুগত ও গুণগতভাবে ঋণগুলোর শ্রেণীকরণ করতে হবে। এই নিরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক সময় বেঁধে দিয়েছে এক মাস। তারপর ১০ দিনের মধ্যে নিরীক্ষা প্রতিবেদনের কপিসহ গৃহীত ব্যবস্থাদি কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।