দায়িত্ব নিয়ে বাল্যবিবাহ দিলেন দুই কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেআইনি হওয়ায় বাল্যবিবাহ দিতে ভয় পাচ্ছিল বর ও কনেপক্ষ। কিন্তু আইনি বাধা মোকাবিলা করার দায়িত্ব নিয়ে গতকাল রোববার দুই শিশু ছেলেমেয়ের বিয়ে দিলেন মেহেরপুর পৌরসভার দুই ওয়ার্ড কাউন্সিলর। ওই দুই জনপ্রতিনিধি হলেন মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ওরফে মনি। এলাকাবাসী ও বর-কনে পক্ষের ভাষ্যমতে, মেহেরপুর শহরের বোসপাড়ার ১১ বছর বয়সের ওই মেয়ের সঙ্গে নতুন পাড়ার ১৩ বছরের এক ছেলের বিয়ের কথাবার্তা চলছিল। মেয়েটি মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ছেলে সরকারি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ে। কিন্তু আইনি বাধার কারণে বিয়ে দিতে ভয় পাচ্ছিল ছেলেমেয়ের পরিবার। এ সময় এগিয়ে আসেন মেয়েটির চাচা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদলের নেতা মনিরুজ্জামান এবং তাঁর বন্ধু কাউন্সিলর ও যুবলীগের নেতা আবদুল্লাহ আল মামুন। দুই পরিবারকে তাঁরা বলেন, আইন তাঁদের হাতে। তাঁরা যা বলবেন, তা-ই হবে। এ বিয়ে হবেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, বিয়েতে মেয়ের আপত্তির কারণে এ বাল্যবিবাহ বন্ধে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোমিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তাঁরা। কিন্তু দুই ওয়ার্ড কাউন্সিলরের প্রভাবের কারণে ইউএনও এবং পুলিশ বিয়ে বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে আপত্তি সত্ত্বেও গতকাল বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয় মেয়েটি। এ ব্যাপারে মেয়েটির পরিবার তথ্য দিতে সাংবাদিকদের কাছে রাখঢাক করে। মেয়েটির বাবা একবার বলেন, ‘বিয়ে মওলানা দিয়ে পড়ানো হয়েছে। লেখাপড়া (নিবন্ধন) হয়নি।’ আবার বলেন, ‘বিয়ে লেখাপড়া হয়েছে কি না, তা মেয়ের চাচা মনি মেম্বার (কাউন্সিলর মনিরুজ্জামান) জানে।’ কাউন্সিলর মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিয়ে লেখাপড়া হয়েছে। কিন্তু কোন কাজি বিয়ে পড়িয়েছে, জানি না।’বাল্যবিবাহের ব্যাপারে কথা বলতে গেলে ক্ষুব্ধ হন কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘দরিদ্র একটি মেয়ের বিয়ে হলে সাংবাদিকদের গায়ে এত জ্বালা ধরে কেন। ভবিষ্যতে এ বিয়ের দায়িত্ব কি আপনারা নেবেন?’ অন্যদিকে মনিরুজ্জামান বলেন, ‘আইন তো অনেক কিছুই বলেছে। কিন্তু বাস্তবতার ঊর্ধ্বে তো আইন নয়। পাত্র ভালো। সে ক্ষেত্রে বাল্যবিয়ে খুব অপরাধের না।’যোগাযোগ করলে ইউএনও শাহ মোমিন বলেন, বাল্যবিবাহের অভিযোগ পেয়ে তিনি বিয়ে বন্ধের ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেন।সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বাল্যবিবাহের অভিযোগ শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। কিন্তু দুই ওয়ার্ড কাউন্সিলরের বাধার কারণে পুলিশ বিয়ে বন্ধ না করেই ফিরে আসে।