দায়িত্ব পালনকারীদের তলব করেছে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনায় গঠিত তিন সদস্যের কমিটি গতকাল মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়নি। কমিটি ওই দিন ট্রেনে দায়িত্ব পালন করা পরিচালক (গার্ড) ও নিরাপত্তা বাহিনীর সব সদস্যকে আজ বুধবার চট্টগ্রামে তলব করেছে। পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) তোফাজ্জল হোসেন নিশ্চিত করেন, ঘটনার দিন ট্রেনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সব সদস্য ও ট্রেনের পরিচালক (গার্ড) কামাল মিয়াকে চট্টগ্রামে তলব করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন। তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দিতে আরও পাঁচ দিন সময় চেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি সূত্রে জানা যায়, আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা অজ্ঞাতপরিচয় (৪২) ব্যক্তির পরিচয় মিলেছে। আবু ছালেক সেলিম নামের ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তাঁর মেয়ে লুৎফা বেগম সংবাদপত্রে ছবি দেখে তাঁকে শনাক্ত করেন।এদিকে ওই ট্রেনে ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার ভোরে দুজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শামীম মিয়া (৩০) ও আনোয়ার হোসেন (৩৪)।আখাউড়া রেলওয়ে থানা সূত্র জানায়, গত সোমবার রাতে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি শহরের দক্ষিণ পৈরতলায়। গতকাল তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে গত শনিবার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী নয়নপুর গ্রামের বাসিন্দা আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আনোয়ারের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব বলা যাবে না। গত বৃহস্পতিবার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে ডাকাতি শেষে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর কুরুলিয়া সেতু এলাকায় পাঁচ যাত্রীকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এদের মধ্যে তিনজন মারা যান। এ ঘটনায় ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। ওই রাতেই নিহত সাহানা বেগমের স্বামী মোসলেম মিয়া বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় অজ্ঞাতনামা আটজনের নামে ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন।