দায়িত্ব পালনকালে সাংবাদিক নাদিয়ার ওপর হামলাকারীদের শাস্তি দাবি
হেফাজতে ইসলামের মহাসমাবেশে দায়িত্ব পালনকালে একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত এবং হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রত্যাহারের দাবি জানিয়েছে কয়েকটি নারী সংগঠন। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানানো হয়। ‘হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিকসহ সাংবাদিকদের ওপর হামলা ও নারীদের অবমাননার প্রতিবাদে’ ওই নারী সমাবেশের আয়োজন করা হয়। কর্মজীবী নারী, বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও মুক্তিযুদ্ধ প্রজন্ম ঐক্য পরিষদ ওই সমাবেশের আয়োজন করে।সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হাজেরা সুলতানা বলেন, একুশে টেলিভিশনের নারী সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলার মাধ্যমে গতকালের সমাবেশে নারীর প্রতি অবমাননা করা হয়েছে। এদের সঙ্গে কোনো আপস করার সুযোগ নেই। এদের প্রতিহত করতে হবে। আগামীকালের হরতাল প্রতিহত করার আহ্বান জানান তিনি।শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা লাকী আক্তার সমাবেশে বলেন, গতকালের সমাবেশ ছিল নারীবিদ্বেষী সমাবেশ। ওই সমাবেশে কোনো নারী উপস্থিত ছিলেন না। অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে লাকী আক্তার বলেন, ‘হেফাজতে ইসলামের নারীবিদ্বেষী দাবি মেনে নিলে আপনারা কীভাবে রাজনীতি করবেন? কীভাবে নারী শ্রমিকেরা, নারী অভিনয়শিল্পীরা, নারী চাকরিজীবীরা তাঁদের দায়িত্ব পালন করবেন?’ তিনি আরও বলেন, ‘নারীরা যখন হিমালয় পর্বত জয় করছেন, ঠিক তখন নারীদের গৃহবন্দী করে রাখতে এই আন্দোলন করছে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন।’ হেফাজতে ইসলামকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপনের সমালোচনা করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন বলেন, নাদিয়া শারমিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তিনি এই হামলার নিন্দা জানান। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন বলেন, অচিরেই শাপলা চত্বরে নারী মহাসমাবেশের আয়োজন করে নারী বিদ্বেষীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, নাদিয়া শারমিনের ওপর হামলা পুরো গণমাধ্যমের ওপর আঘাত। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান, অন্যথায় বড় ধরনের আন্দোলনে যাওয়ার হুমকি দেন তিনি। হেফাজতে ইসলামের নারীবিদ্বেষী দাবি প্রত্যাহারেরও দাবি জানান তিনি। না হলে তাদের প্রতিহত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই অভিনেত্রী।ঢাকা বিশ্ববিদ্যালয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নেত্রী নাসিমা আক্তার হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারী সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।খেলাঘরের সভাপতি মাহবুবা খানম বলেন, হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধূলিসাত্ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি তাঁদের মক্কা-মদিনায় চলে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও ধিক্কার জানান তিনি।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া বলেন, দেশের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আন্দোলন করছে হেফাজতে ইসলাম। তাদের এই চেতনার নিন্দা জানান তিনি। হেফাজতে ইসলামকে জামায়াতের উত্তরসূরি আখ্যায়িত করে তিনি বলেন, তাদের অবিলম্বে রুখে দিতে হবে।সমাবেশে আরও বক্তব্য দেন, জলি তালুকদার, কাজী সুফিয়া আক্তার, সালমা আলী, আফরোজা রিনা, মাসুদা ভাট্টি, নারী সংহতি পরিষদের নেতা তসলিমা আক্তার, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক প্রমুখ।পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগে গণজাগরণ মঞ্চে গিয়ে শেষ হয়।