দায়িত্ব পালনে গাফিলতি নয়, পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনে রাখবেন, আপনাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের প্রতি দায়িত্ব পালনে যেন কোনো গাফিলতি না হয়।’ জনবান্ধব পুলিশ গড়তে বাহিনীর সদস্যদের এ কথা মাথায় রেখেই কাজ করার জন্য এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশের নানা সীমাবদ্ধতা আছে, আছে সংকট। যানবাহন নেই, বাসস্থান নেই, নেই থানা ভবনও। দরকার হলে প্রকল্পের গাড়ি বিনাপয়সায় পুলিশকে দেওয়া হবে।’ তিনি বলেন, পুলিশের অনেক সমস্যা। সরকার এসব সমস্যা সম্পর্কে অবগত। সমস্যা সমাধানে পুলিশের লোকবল বৃদ্ধির প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এ বছর ১৩ হাজারের বেশি জনবল নিয়োগ করা হচ্ছে। পুলিশ কনস্টেবলদের টাইম স্কেলের সমস্যাটির সমাধান করা হচ্ছে বলেও তিনি জানান।প্রধানমন্ত্রী জানান, উপপরিদর্শক ও পরিদর্শকদের যথাক্রমে দ্বিতীয় ও প্রথম শ্রেণীর কর্মকর্তা করার বিষয়টি সরকারের বিবেচনায় আছে। প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা এখন পুলিশের চেয়ে আধুনিক যান ও সরঞ্জাম ব্যবহার করে। তারা যখন স্পিড বোর্ট নিয়ে চলে, পুলিশ তখন ট্রলারে যায়। তারা যখন দামি গাড়িতে চলে, পুলিশ তখন লক্কড়ঝক্কর মার্কা গাড়িতে চলে। সরকার এটা জানে।’পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংসদ রাশেদ খান মেনন ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক বক্তব্য দেন।