দায়িত্ব স্বীকার করল পাকিস্তানের তেহরিক-ই-তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে তেহরিক-ই-তালেবান নামক একটি পাকিস্তানি তালেবান গ্রুপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের টাইমস স্কয়ারে গত শনিবার সন্ধ্যায় যে গাড়িবোমা বিস্ফোরণের চেষ্টা চালানো হয় তার দায়-দায়িত্ব স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নজরদারি সংস্থা সাইট গতকাল রোববার এ তথ্য জানায়।সাইটের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডন জানায়, ইউটিউবে প্রকাশিত ভিডিওটিতে বলা হয়, ইরাকে সম্প্রতি দুজন শীর্ষস্থানীয় আল-কায়েদা নেতা হত্যা, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলা এবং একজন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানীর ওপর যুক্তরাষ্ট্র যে নির্যাতন চালিয়েছে, তার প্রতিশোধ নিতে ওই বোমা হামলার চেষ্টা চালানো হয়।ভিডিওটিতে একটি ইংরেজি বার্তায় বলা হয়, ‘শয়তানের যুক্তরাষ্ট্রের ওপর চোয়াল-ভাঙা আক্রমণ চালানোর জন্য মুসলমানদের অভিনন্দন। আমরা তেহরিক-ই-তালেবান গর্ব ও সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক হামলার পুরো দায়-দায়িত্ব গ্রহণ করছি।’ ‘তালেবান নিউজ’ রোববার সকালে ভিডিওটি ইউটিউবে প্রকাশ করে। কিন্তু পরে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যবহারবিধি লঙ্ঘন’ করার কারণে তা ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে।সাইট জানায়, ভিডিওটিতে ছিল কারি হুসেইন মেহসুদ নামক তেহরিক-ই-তালেবানের এক কর্মকর্তার দেওয়া ভাষণ, যার নেপথ্যে ছিল ইংরেজি সাব-টাইটেলসহ বিভিন্ন মার্কিনবিরোধী ছবি।গ্রুপটি জানায়, গত মাসে তিকরিত শহরের কাছে আকাশ ও স্থলপথে চালানো এক আক্রমণে আবু ওমর আল-বাগদাদি ও আবু আইয়ুব আল-মাসরি নামের ইরাকি আল-কায়দার দুই শীর্ষ নেতাকে হত্যা করার প্রতিশোধ নিতে বোমা হামলাটি চালানোর চেষ্টা করা হয়। এ ছাড়া হামলাটির উদ্দেশ্য ছিল, ‘উপজাতীয় অঞ্চলগুলোতে সম্প্রতি বৃষ্টির মতো চালকবিহীন বিমান হামলা চালানো এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও নিরাপরাধ বোন ড. আফিয়া সিদ্দিকিকে অপহরণ করা, তাঁর ওপর নির্যাতন চালানো ও তাঁকে অপমানিত করার’ প্রতিশোধ নিতে। আফগানিস্তানে আটক থাকাকালে মার্কিন সেনাদের ওপর সশস্ত্র আক্রমণ চালানো ও হত্যাচেষ্টার অপরাধে গত মাসে নিউইয়র্কের এক আদালতে পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকি দোষী সাব্যস্ত হন।