দায়িত্বে অবহেলা: কুমিল্লার নির্বাহী প্রকৌশলীকে তাত্ক্ষণিক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার কারণে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানকে তাত্ক্ষণিকভাবে প্রত্যাহারের আদেশ (স্ট্যান্ড রিলিজ) দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।কুমিল্লার পদুয়ার বাজারে একটি লোড কন্ট্রোল মেশিন সঠিকভাবে পরিচালনা না করা এবং গৌরীপুর থেকে হোমনা পর্যন্ত রাস্তার সংস্কারকাজ না করার কারণে আজ রোববার সকালে তাঁকে তাত্ক্ষণিক প্রত্যাহারের আদেশ দেন ওবায়দুল কাদের।জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে গত বৃহস্পতিবার মন্ত্রী কুমিল্লার পদুয়ার বাজারে একটি লোড কন্ট্রোল মেশিন উদ্বোধন করেন। আজ সকালে ফেরার পথে সেটি আবারও পরিদর্শন করতে গিয়ে তিনি দেখেন, সেখানে লোড কন্ট্রোল মেশিন নেই। এ সময় যোগাযোগমন্ত্রী তাত্ক্ষণিকভাবে প্রকৌশলী হাফিজুর রহমানকে ফোন করেন। লোড কন্ট্রোল মেশিন কেন নেই জানতে চাইলে তিনি যোগাযোগমন্ত্রীকে বলেন, ‘সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত আমি এ কন্ট্রোল মেশিন চালাই। আমার লোকবলের অভাব আছে।’এ কথা শোনার পরই প্রকৌশলী হাফিজুর রহমানকে তাত্ক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘দেশটা তো সবার, আসুন সবাই মিলে একসঙ্গে দেশটাকে সুন্দর করি। সবাই যে খারাপ মানুষ তা তো নয়। ভালো মানুষ অনেক আছে। তাই আপনাদের সবার দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা। আর তা না হলে যেকোনো বিষয়ে আমাকে অথবা আমার সহকারীকে ফোন করে জানাতে পারেন। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। —বাসস।