দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সড়ক মেরামতে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার এক প্রজ্ঞাপন জারি করে যোগাযোগ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী ফজলে রব্বেকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সড়ক বিভাগের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁকে বরখাস্ত করা হবে বলে জানা গেছে।সওজের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমানকে কুমিল্লা জানে বদলি করা হয়েছে। সওজের রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামকে প্রকল্পে ন্যস্ত করা হয়েছে। আর সওজের প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামকে রংপুরে এবং সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী দলিল উদ্দিনকে কয়েকটি সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়েছে। এ ছাড়া বিআরটিএ, বিআরসিটি ও সওজের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের সবাইকে নিজ নিজ কর্মস্থলে থেকে যথাযথ দায়িত্ব পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে।