২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত উপকমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। ২১ ডিসেম্বর এ প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দেওয়া হবে।আজ বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেনন এ কথা বলেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি।মেনন বলেন, প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।তদন্ত প্রতিবেদনে কাদেরকে দায়ী করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘যারা সংশ্লিষ্ট ছিল তারাই দায়ী। যারা দায়িত্বে ছিল তাদেরকেই দায়ী করা হয়েছে। কোনো চুনোপুঁটিকে এখানে ধরা হয়নি। প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি সরকার দেখবে।’উল্লেখ্য, ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেনাসদস্যেদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথাকাটাকাটির জের ধরে দেশজুড়ে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে তত্কালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জেলা ও বিভাগীয় শহরগুলোতে কারফিউ জারি করে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হন শিক্ষক ও শিক্ষার্থীরা।