দায়িত্বের দিনক্ষণ জানিয়ে সিটি মেয়রদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের দায়িত্ব হস্তান্তরের তারিখ নির্ধারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে খুলনার মেয়র মনিরুজ্জামান আগামী ২৫ সেপ্টেম্বর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ১৮ সেপ্টেম্বর, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন ১৮ সেপ্টেম্বর এবং বরিশালের মেয়র আহসান হাবিব ৮ অক্টোবর দায়িত্ব নেবেন।আজ বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি চার মেয়রের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের মেয়রদের দায়িত্ব হস্তান্তরের জন্য প্রথম সভা অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৫ জুন এই চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হন। আর গেজেট প্রকাশ করা হয় গত ২৪ জুন। আইনে গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তাই গত রোববার (২১ জুলাই) তাঁদের শপথ পড়ানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় চার মেয়রকেই নির্ধারিত দিন পর্যন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।