দায়ী ছয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর তীর সংরক্ষণ কাজের গাফিলতিতে কালো তালিকাভুক্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ছয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ মাসেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চপর্যায়ের তদবিরেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পাউবোর একাধিক সূত্র। খোঁজ নিয়ে জানা গেছে, পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী এ কে এম মমতাজউদ্দিন গত বছরের মার্চে ধুনটের ভান্ডারবাড়ি ও তত্সংলগ্ন এলাকার যমুনা নদীর ডান তীরের ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ছয় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠান। ২০০৭-২০০৮ অর্থবছরে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। কিন্তু ঊর্ধ্বতন মহলের চাপে ওই ছয় প্রতিষ্ঠানের মধ্যে শেষ পর্যন্ত শুধু একটিকে এক লাখ টাকার আর্থিক জরিমানা করা হয়েছে।যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়, সেগুলো হলো ঢাকার আনাম আহমেদের ‘মেসার্স সোবেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোম্পানি’, রংপুরের সৈয়দ আকতার আলম সার্দুলের ‘সৈয়দ ব্রাদার্স’ ও একই জেলার আইয়ুব হোসেনের যৌথ মালিকানাধীন ‘এসইসি-এসবি অ্যান্ড এএইচ কনসোর্টিয়াম’, ঢাকার কারওয়ান বাজারের ‘ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড’ এবং ঢাকার টিসিবি ভবনের ‘মেসার্স মলিথা ট্রেডার্স’ ও ‘মেসার্স মানিক বিল্ডার্সের’ যৌথ প্রতিষ্ঠান ‘এমএমটি অ্যান্ড এমএমবি জয়েন্ট ভেঞ্চার’। এর মধ্যে শুধু এসইসি-এসবি অ্যান্ড এএইচ কনসোর্টিয়ামকে জরিমানা করা হয়েছে।পাউবো সূত্র জানায়, অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যে সুপারিশ পাঠানো হয় তাতে প্রতিষ্ঠানগুলোকে তিন বছর কোনো টেন্ডারে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে এ নিয়ে আরও কয়েক দফা চিঠি চালাচালি চলে।সূত্রটি আরও জানায়, ধুনটের ভান্ডারবাড়িসহ সংলগ্ন এলাকার যমুনা নদীর ৭০০ মিটার তীর সংরক্ষণ এবং প্রায় ৬২ হাজার সিসি ব্লক নির্মাণকাজ পেয়েছিল প্রতিষ্ঠানগুলো। ২০০৭ সালের ৭ ডিসেম্বর শুরু করা তীর সংরক্ষণের কাজ তিনটি গ্রুপে ভাগ করে ১৮০ দিন অর্থাত্ ২০০৮ সালের জুনে শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনটি গ্রুপের কাজই গড়ে ৭৩ শতাংশের বেশি এগোয়নি। এমনকি আরও আট মাস সময় বর্ধিত করেও লাভ হয়নি। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় প্রকল্পের এক কোটিরও বেশি টাকা পাউবোকে ফেরত দিতে হয়েছে। গত বছরের এই টাকা চলতি বছরে আর বরাদ্দ পাওয়া যায়নি।পাউবো থেকে জানা গেছে, তাদের নীতিমালা অনুযায়ী কাজের অগ্রগতি নির্ধারিত সময়ে ৮০ শতাংশের নিচে থাকলে আর্থিক জরিমানার বিধান রয়েছে। কিন্তু একটি প্রতিষ্ঠান ছাড়া কাউকে পাউবো জরিমানা করতে পারেনি। পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী এ কে এম মমতাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, চিঠি চালাচালিতে প্রকল্পের মেয়াদ অর্থাত্ ২০০৯ সালের জুন মাস শেষ হয়ে যাওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সব ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজের অগ্রগতি ৮০ শতাংশের নিচে থাকলেও শুধু একটি প্রতিষ্ঠানকে জরিমানা করার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের সার্বিক মূল্যায়নে শুধু একটি প্রতিষ্ঠানের কাজ ৮০ শতাংশের নিচে পাওয়া গেছে। যে কারণে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠান তা পরিশোধও করেছে।’