দায়ী দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে সোনালী ব্যাংক লিমিটেডের রূপসী বাংলা শাখার (ভূতপূর্ব ঢাকা শেরাটন হোটেল) ব্যবস্থাপক ও ব্যাংকের উপমহাব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এ দুজনসহ আরও যেসব কর্মকর্তা নেপথ্যে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংক চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ নির্দেশ দিয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, দুই কর্মকর্তাকে বরখাস্ত করে তিন দিনের মধ্যে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। আর অন্যদের চিহ্নিত করে প্রশাসনিকভাবে তাঁদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, তা জানাতে হবে আগামী এক মাসের মধ্যে। এ ছাড়া শাখার কার্যাবলি তদারক ও মনিটরিং কাজে ব্যর্থতার জন্য জিএম অফিস ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করে দায়দায়িত্ব নির্ধারণপূর্বক তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে এক মাসের মধ্যে। কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, ‘আমাদের বিশেষ পরিদর্শনে উদ্ঘাটিত গুরুতর ও ব্যাপক অনিয়মের বিষয়ে সার্বিক তদারক ও মনিটরিং কাজে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যার দায় তিনি এড়িয়ে যেতে পারেন না।’ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ব্যবসায়ী গোষ্ঠী হলমার্ক গ্রুপ নানা ফন্দিফিকির করে দুই হাজার কোটি টাকা তুলে নিয়েছে। নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে স্থানীয় ঋণপত্র (এলসি) খুলে এ অর্থ বের করে নেওয়া হয়। বিচিত্র ও নজিরবিহীন সব ঘটনার মাধ্যমে এ কাজে সহযোগিতা করেছেন ব্যাংকের কর্মকর্তারা। অজ্ঞাত কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে প্রথম আলোতে গত মে মাসে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর সোনালী ব্যাংককে এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক এ কে এম আজিজুর রহমান ও সাইফুল হাসানকে অনতিবিলম্বে অব্যাহতি দিয়ে জানাতে নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে এ দুজনসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা পরিপালন করেনি ব্যাংক কর্তৃপক্ষ। ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার না করে ব্যাংক কর্তৃপক্ষ বরং তাঁদের শাখার বিতরণ করা ঋণ আদায়ের দায়িত্ব দেয় এবং চিঠি দিয়ে তা কেন্দ্রীয় ব্যাংককে জানায়। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘এ বিষয়টি স্ববিরোধী। তা ছাড়া সংশ্লিষ্ট শাখার কার্যাবলি তদারক ও মনিটরিং কাজে ব্যর্থতার জন্য বিভাগীয় ও প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণের বিষয়ে কিছু বলা হয়নি।’ প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক আগের চিঠিতে বলেছিল, প্রধান কার্যালয়ের অনুমতি না নিয়ে শাখা ব্যবস্থাপক ক্ষমতাবহির্ভূত ও বিধিবহির্ভূতভাবে ঋণ দিয়ে দায়িত্ব পালনে বিশ্বস্ততা ভঙ্গ করেছেন। বেপরোয়া হারে ঋণ বৃদ্ধি করে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিধিবহির্ভূতভাবে আর্থিক সুবিধা দেওয়ার অন্তরালে উপর্যুক্ত কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত বহন করে।যোগাযোগ করলে সোনালী ব্যাংকের এসব ঘটনা ঘটাকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, হলমার্ক গ্রুপের এসব ঘটনার বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ নিয়েছেন, তার প্রমাণও রয়েছে। তবে মূল তদারকির দায়িত্ব যাঁদের ওপর ছিল, তা তাঁরা পালন করেননি। হুমায়ুন কবির আরও বলেন, ‘নিশ্চয়ই আমার পক্ষে শাখায় গিয়ে সব জানা সম্ভব নয়। আসলে রূপসী বাংলা শাখার কর্মকর্তারা নিজ ক্ষমতাবলেই এগুলো করেছেন।’