বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার মাহমুদুর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। তিনি অভিযোগ করেছেন, জিজ্ঞাসাবাদ করতে মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়া হলেও তাঁকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। বরং চোখ বেঁধে বিবস্ত্র করে তাঁকে পিটিয়ে অজ্ঞান করে ফেলা হয়েছে। আজ রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ অভিযোগ করেন।খালেদা জিয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাবধান করে দিয়ে বলেন, মাহমুদুর রহমান যাঁদের হেফাজতে ছিলেন, কেবল তাঁরাই দায়ী হবেন না, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের শীর্ষ পর্যায় থেকে যারা এই ঘটনা ঘটাচ্ছেন, তাঁরাও দায় এড়াতে পারবেন না।মাহমুদুর রহমানের ওপর এই নির্যাতনের তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার করার দাবিও জানান বিরোধীদলীয় নেত্রী। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক সব মামলা তুলে নিয়ে তাঁকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানান খালেদা জিয়া।খালেদা জিয়া বলেন, গভীর রাতে পাঁচ-ছয়জন লোক ক্যান্টনমেন্ট থানায় ঢুকে মাহমুদুর রহমানকে চোখ বেঁধে বিবস্ত্র করে মেঝেতে ফেলে দেন এবং নিষ্ঠুর ও পৈশাচিক কায়দায় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। এসব তথ্য মাহমুদুর রহমান নিজে প্রকাশ্য আদালতে বলার পরও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই গতকাল (১২ জুন) উত্তরা থানার অন্য একটি মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে আবারও চার দিনের রিমান্ডে নেয়। সব মিলিয়ে তাঁকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই ঘটনাকে অবিশ্বাস্য বলেন খালেদা জিয়া।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি খালেদা জিয়া বলেন, ‘আমি আবারও রাষ্ট্রের সব অঙ্গের কর্মকর্তা-কর্মচারীদেরকে সাবধান করে দিতে চাই। সংবিধান ও আইনের বাইরে কাজ করবেন না। এর পরিণাম ভালো হবে না। ফ্যাসিস্টদেরকে মদদকারী হওয়া থেকে বিরত থাকুন। সরকারি কর্মকর্তারা আইন ভঙ্গ করবেন না। মনে রাখবেন, কোনো সরকারই শেষ সরকার নয়।’রিমান্ডে নিলে কীভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে—এ বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা ছিল। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থাকতে এই নির্দেশনা মানা হয়নি। এখন রিমান্ডের নামে কোনো অত্যাচার হলে বিএনপি এর দায় এড়াতে পারে কি না, জানতে চাইলে খালেদা জিয়া বলেন, ‘আমাদের আমলে সবাই জামিন পেয়েছে। কাউকে রিমান্ডে নেওয়া হয়নি।’সংবাদ সম্মেলনে উপস্থিত জোট সরকারের আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘আমরা এখানে অতীতের কথা বলতে আসিনি। আমরা এসেছি বর্তমানের কথা। তা ছাড়া মাহমুদুর রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তখন এভাবে কাউকে নির্যাতন করা হয়নি।’