পাবনায় পরীক্ষাকেন্দ্রে হামলা
দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পাবনার জেলা প্রশাসক কার্যালয়ে হামলা এবং কর্মকর্তাদের লাঞ্ছনাকে অবাঞ্ছিত ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে। আজ সোমবার সংসদ ভবনে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, কমিটির পক্ষ থেকে ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, ভাঙচুর এবং প্রশাসনের কর্মকর্তা ও পরীক্ষার্থীদের লাঞ্ছিত করেন। পরে জেলা প্রশাসন ওই পরীক্ষা স্থগিত করে। এ ঘটনায় জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন। মামলা দুটিতে ৩১ জনের নামোল্লেখসহ ছাত্রলীগ ও যুবলীগের অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।কমিটির সভাপতি আবদুস সালাম আজ আরও বলেন, কমিটি গত বৈঠক থেকে দেশের বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার তদন্তকাজ সম্পর্কে মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এ কাজের ধারাবাহিকতায় আজ সভায় আটটি মামলা নিয়ে আলোচনা হয়েছে।আবদুস সালাম বলেন, ‘সভায় বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০ নিয়ে আলোচনা হয়। কমিটির আগামী সভায় বিলটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদে উত্থাপিত এ বিলটিতে আমরা ছোটখাটো কিছু অসংগতি পেয়েছি। বিলটিতে বর্ডার গার্ডের আঞ্চলিক সদর দপ্তর গঠনের যে কথা বলা হয়েছে, এর প্রয়োজনীয়তা নিয়ে কমিটি বিস্তারিত আলোচনা করবে। আগামী বৈঠকে বিডিআরের বর্তমান ও সাবেক মহাপরিচালককে আমন্ত্রণ জানানো হবে।’