মো. আবু সাইদ, ইউনিভার্সিটি পাবলিকেশন্স, প্রকাশকাল জানুয়ারি ২০১২, মূল্য-২৫০ টাকা।দেওয়ানি কার্যবিধি-সংক্রান্ত একটি ব্যবহারিক বই। বইটি লিখেছেন কুড়িগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাইদ। বইটি পাঁচটি বিষয়ভিত্তিক অধ্যায়ে সাজানো হয়েছে। প্রথম ভাগে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে সম্যক ধারণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগের ১৬টি অধ্যায়ে দেওয়ানি মামলার খুঁটিনাটি ও যাবতীয় বিষয়—যেমন: কোর্টের এখতিয়ার, ইস্যু গঠন, আরজি, জবাব, সমন, শুনানি, প্রতিনিধিত্ব মামলা, হাজিরা, রায়, ডিক্রি, দলিল প্রভৃতি। তৃতীয় ভাগে আপিল, রিভিউ, রেফারেন্স, রিভিশন চতুর্থ ভাগের নয়টি অধ্যায়ে এক্সিকিউশন এবং পঞ্চম ভাগে বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে দেওয়ানি কার্যবিধির ধারা ও বিভিন্ন অর্ডারের রুলগুলোর সহজভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিটি অধ্যায়ের শুরুতে বিষয়বস্তুর সারাংশ দেওয়া থাকায় একনজরেই অধ্যায়ভিত্তিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বইটির অনন্য বৈশিষ্ট্য হলো—সরল ও সাববীল ভাষায় দেওয়ানি বিষয়ের জটিল ধারাগুলোর সরলীকরণ। এ ছাড়া প্রতিটি ধারার সঙ্গে সাম্প্রতিক মামলার নজির যুক্ত করা হয়েছে। বইটিতে প্রায় ৭০০ মামলার নজির সন্নিবেশিত হয়েছে, যার ক্রমবিন্যাস সুবিন্যস্ত করে সাজানো। ফলে পাঠকের আইনের বিভিন্ন ধারার নজির খুঁজে পেতে অসুবিধা হবে না। দেওয়ানি কার্যবিধি-সংক্রান্ত এটি একটি গুরুত্বপূর্ণ বই হিসেবেই সমাদৃত হবে। আইনের ছাত্র, আইনজীবী, গবেষক, বিচারকসহ দেওয়ানি আইন বিষয়ে আগ্রহীদের বইটি কাজে আসবে|